কী রহস্য চেলসির সাফল্যের?

মাঝে একটা সময় পয়েন্ট তালিকার ৮ নম্বরেও ছিল তারা। সেই চেলসি প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচ জিতে এখন পয়েন্ট তালিকার শীর্ষে! কেমন করে এই বদলে যাওয়া? এই সাফল্যের রহস্যটাই–বা কী?
প্রথমত, ছক বদলে ফেলা। শুরুর দিকের ম্যাচগুলোতে কোচ আন্তোনিও কন্তে দলকে ৪-১-৪-১ ছকে খেলিয়েছেন। খুব একটা কার্যকর প্রমাণিত হয় সেই কৌশল। হাল সিটির বিপক্ষে লিগের সপ্তম ম্যাচে এসে প্রথম ৩-৪-৩ ছকে খেলালেন দলকে। ওই ম্যাচটা দারুণ খেলল চেলসি, জিতল ২-০ গোলে। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়েই পরের ম্যাচেও দলকে একই ছকে খেলালেন কন্তে। তবে একাদশে একটু পরিবর্তন এল—আক্রমণভাগের ডান পাশে উইলিয়ানের বদলে পেদ্রো। লেস্টার সিটির বিপক্ষে ওই ম্যাচে আরও দুর্দান্ত চেলসি, এবার জয় ৩-০ গোলে।
মূলত, এর পরেই আর পেছন ফিরে তাকাতে হয়নি আন্তোনিও কন্তেকে। ভাবতে হয়নি একাদশ নিয়েও। একই ছক আর একই একাদশ নিয়ে টানা পাঁচটি ম্যাচ খেলেছে চেলসি, জিতেছে সব কটি ম্যাচেই। এই পাঁচ ম্যাচে গোল করেছে ১৫টি, খায়নি একটিও! কন্তের এই কৌশলে বদলে যাওয়া চেলসি গড়েছে নতুন ইতিহাসও। প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কখনোই স্টামফোর্ড ব্রিজের এই ক্লাব টানা ৫ ম্যাচ একই একাদশ নিয়ে খেলেনি!
বদলে যাওয়া চেলসির এই দুর্দান্ত একাদশে কারা খেলছেন, নিশ্চয়ই তা জানতে ইচ্ছে করছে? নামগুলোও দেখে নেওয়া যাক তাহলে—
সর্বশেষ পাঁচ ম্যাচে চেলসির একাদশ: থিবো কর্তোয়া, সিজার আজপিলিকুয়েতা, ডেভিড লুইজ, গ্যারি কাহিল, ভিক্টোর মোজেস, এনগোলো কান্তে, নেমানিয়া মাতিচ, মার্কোস আলোনসো, পেদ্রো, এডেন হ্যজার্ড, ডিয়েগো কস্তা।