কী হচ্ছে ন্যু ক্যাম্পে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বার্সেলোনায় টালমাটাল মেসি’, ‘মহাসংকট’—বার্সেলোনার অস্থিতিশীলতা নিয়ে কাল এ রকমই শিরোনাম করেছে স্প্যানিশ দৈনিক মার্কা ও স্পোর্ত
‘বার্সেলোনায় টালমাটাল মেসি’, ‘মহাসংকট’—বার্সেলোনার অস্থিতিশীলতা নিয়ে কাল এ রকমই শিরোনাম করেছে স্প্যানিশ দৈনিক মার্কা ও স্পোর্ত

খবর ১: সপ্তাহ খানেক আগে কোর্ট অব আরবিট্রেশন বার্সেলোনার আবেদন খারিজ করে দিল। যেটির মানে পরের মৌসুম পর্যন্ত বার্সা কোনো খেলোয়াড় বেচাকেনা করতে পারবে না।
খবর ২: পরশু বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানাল, আন্দোনি জুবিজারেতাকে ক্রীড়া পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খবর ৩: একই দিনে ক্লাবের অনুশীলনে অসুস্থতার কারণে ছিলেন না লিওনেল মেসি। পরে ইনস্টাগ্রামে দেখা গেল, মেসি চেলসি, থিবো কোর্তোয়া ও ফেলিপে লুইসকে অনুসরণ করা শুরু করেছেন।
খবর ৪: জুবিজারেতার অপসারণের খানিক পর কার্লোস পুয়োল সহকারী ক্রীড়া পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
সাদা চোখে এই চারটি ঘটনার যোগসূত্র নেই বলেই মনে হয়। তবে এত কম সময়ের মধ্যে ঘটনাগুলো এত দ্রুত ঘটে যাওয়ায় একটা ব্যাপার পরিষ্কার, ন্যু ক্যাম্পে সবকিছু ঠিকঠাক চলছে না, কোথাও যেন সুর কেটে গেছে। জুবিজারেতাকে ছাঁটাই, পুয়োলের পদত্যাগ সবকিছু ছাপিয়ে অবশ্য এখন সবচেয়ে বড় প্রশ্ন—মেসি বার্সেলোনায় থাকছেন তো?

শুধু ইনস্টাগ্রামের পোস্ট দেখে অবশ্য সিঁদুরে মেঘ দেখার কারণ নেই। মেসি তো ম্যানচেস্টার সিটিকে আগে থেকেই অনুসরণ করছেন, চেলসিকেও তো করতেই পারেন। তবে সময়ের কারণেই উঠে যাচ্ছে প্রশ্ন। এই মৌসুমে বার্সেলোনা ছাড়ার গুঞ্জন একাধিকবার উঠেছিল। মেসি তো একবার বলেও ফেলেছিলেন, ভবিষ্যতের কথা কিছুই বলা যায় না। সাবেক বার্সা সতীর্থ সেস্ক ফ্যাব্রিগাস তো পারলে তখনই মেসিকে নিয়ে আসেন চেলসিতে। পরে অবশ্য গুঞ্জনটা স্তিমিত হয়ে যায়।

পরশুই স্প্যানিশ দৈনিক এল মুন্দো দেপোর্তিভো আরেকটা বোমা ফাটাল। কোচ লুইস এনরিকের সঙ্গে নাকি মেসির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বছরের প্রথম অনুশীলনেই দুজনের মধ্যে লেগে গিয়েছিল, হয়েছে কথা-কাটাকাটি। স্প্যানিশ রেডিও স্টেশন কোপে জানাচ্ছে এনরিকে বিশ্বাস করেন, মেসি থাকলে দলের আবহাওয়াটা বদলানো সম্ভব নয়।

 এসবের মধ্যে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা সেটা নিরেটভাবে প্রমাণ করা অসম্ভব। তবে জুবিজারেতার চলে যাওয়াটা বার্সার অস্থিরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। গত মৌসুমে একটা ট্রফিও জিততে পারেনি বার্সা। এরপর নতুন খেলোয়াড়দের নিয়েও অসন্তোষের একটা বিষবাষ্প রয়েছে। প্রায় ৯ কোটি ইউরোর লুইস সুয়ারেজ এখনো কিছুই করতে পারেননি, নবাগত দুই ডিফেন্ডার ডগলাস পেরেইরা ও টমাস ভার্মেলেন তো ফর্মহীনতা আর চোটে খেলারই সুযোগ পাচ্ছেন না। এসব কিছুর দায় জুবিজারেতাকে নিতেই হতো। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় কেনাবেচার জন্য ফিফার নিষেধাজ্ঞা আরও কোণঠাসা করে দেয় সাবেক এই গোলরক্ষককে। ফিফার রায় বহাল থাকার পর সেটারই হয়তো খেসারত দিতে হলো তাঁকে।

বার্সেলোনায় আসলেই কী হচ্ছে, সেটার খানিকটা আভাস আজ পাওয়া যাবে। ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ সংবাদ সম্মেলনে মুখোমুখি হবেন সাংবাদিকদের। মার্কা, এএস, মেইল অনলাইন।