কী হচ্ছে ফন গালকে নিয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ডে আসলে হচ্ছেটা কী? পরশু সারা দিন ব্রিটিশ সংবাদমাধ্যম সরগরম করে রাখল, লুই ফন গাল আর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকতে চাইছেন না। কিন্তু কাল সেই সুর আবার বদলে গেল, এবার তারা জানাচ্ছে, ফন গাল এমন কিছুই বলেননি। কিন্তু কোনটা সত্যি? ফন গাল কি এ যাত্রায় বেঁচে যাচ্ছেন? নাকি ওল্ড ট্রাফোর্ডে ডাগআউটে শেষ ম্যাচটা দেখে ফেলেছেন?
ফন গাল চাকরি হারাচ্ছেন—এ রকম একটা গুঞ্জন গত নভেম্বরেই বেশ জোরেশোরে উঠেছিল। সেবার অবশ্য ব্রিটিশ সংবাদমাধ্যমের মুখে ছাই দিয়ে টিকে গিয়েছিলেন। টানা চার ম্যাচ অপরাজিত থাকার পর মনে হচ্ছিল, এ যাত্রায় বোধ হয় পার পেয়ে যাবেন। কিন্তু সাউদাম্পটনের কাছে হারের পর আবার সেই গুঞ্জন। এবার ফন গাল নিজেই সেটি উসকে দিলেন, স্বীকার করলেন সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারছেন না।
পরশু ব্রিটিশ সংবাদমাধ্যমে তোলপাড়, ফন গাল নিজেই পদত্যাগ করতে চেয়েছেন। কিন্তু ইউনাইটেডের প্রধান নির্বাহী এড উডওয়ার্ড ফন গালকে নিরস্ত করেছেন চট করে কোনো সিদ্ধান্ত না নিতে। মেয়ের জন্মদিন উপলক্ষে এর মধ্যে দুই দিনের ছুটিতে হল্যান্ডে গিয়েছিলেন ফন গাল। সেখান থেকে কালই আবার ফিরেছেন ম্যানচেস্টারে, যোগ দিয়েছেন অনুশীলনেও। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, ফন গালের ভবিষ্যৎ ঠিক করতে কালই ক্লাবের শীর্ষ কর্তাদের গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসার কথা। সেখানেই হয়তো ঠিক হয়ে যাবে এই ডাচ কোচের ভাগ্য। আগামী পরশু এফএ কাপে ডার্বি কাউন্টির মুখোমুখি হবে ইউনাইটেড। কে জানে, ওই ম্যাচের আগেই হয়তো বিদায় নিয়ে নিতে পারেন ফন গাল।
কিন্তু যদি বিদায় নেন, তাহলে উত্তরসূরি কে হবেন? হোসে মরিনহোর নামটাই সবার আগে আসবে, চেলসির সাবেক কোচ নিজেই বেশ আগ্রহী বলেও জানা গেছে। ইউনাইটেড পেপ গার্দিওলাকে পেতে আগ্রহী, এ রকমও শোনা যাচ্ছে। তবে বায়ার্ন কোচের ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। এমনও গুঞ্জন আছে, আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রায়ান গিগস হাল ধরবেন। তখন স্যার অ্যালেক্স ফার্গুসন গিগসের উপদেষ্টা থাকতে পারেন! এএফপি, ইএসপিএন।