কী হয়েছে ডর্টমুন্ডের?
গাঁটের পয়সা খরচ করে সমর্থকেরা কেন আসে স্টেডিয়ামে? উত্তরটা সহজ, দলের জয় দেখতে। তার পরও প্রতি ম্যাচেই যদি পরাজয়ের লজ্জা মেখে বিমর্ষ মুখে বাড়ি ফিরতে হয়, সেটা খুব সুখকর কিছু নয়। ধৈর্যচ্যুতি হওয়াটাই স্বাভাবিক তখন। বরুসিয়া ডর্টমুন্ড সমর্থকেরা এত দিন দলের পাশেই ছিল। কিন্তু পরশু অগসবুর্গের সঙ্গে ১-০ গোলে হারার পর সিগনাল ইডুনা পার্কে দুয়োধ্বনির কোরাস উঠল। শেষ পর্যন্ত কয়েকজন ক্ষিপ্ত সমর্থককে শান্ত করতে গ্যালারির কাছেও যেতে হলো ডর্টমুন্ডের রোমান ভেইডেনফেলার, ম্যাটস হামেলসদের। কিন্তু তাতেও কি ক্ষোভের উত্তাল নদী শান্ত হয়?
দলটা ডর্টমুন্ড বলেই এত সব কথা হচ্ছে। দুই মৌসুম আগেও যারা টানা দুবার বুন্দেসলিগা জিতেছে, ২০১২-১৩ মৌসুমেও যারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে, তারা এখন অবনমনের শঙ্কায়। বুন্দেসলিগায় ১৯ ম্যাচ শেষে ডর্টমুন্ডের পয়েন্ট এখন ১৬, পয়েন্ট তালিকায় ইয়ুর্গেন ক্লপের দল এখন সবার নিচে। ১৯৭২ সালের পর এই প্রথম অবনমনের সম্ভাবনা এখন অনেকটাই প্রবল।
পরশুর পরাজয়ের কী ব্যাখ্যা দেবেন ক্লপ? নিজেদের মাঠে ৫০ মিনিটেই এক গোলে পিছিয়ে পড়েছিল ডর্টমুন্ড। কিন্তু ৬৩ মিনিটে ইয়াঙ্কার লাল কার্ড দেখায় অগসবুর্গ ১০ জনের দল হয়ে পড়ে। তার পরও কোনো গোল দিতে পারেনি ডর্টমুন্ড, এটার কি কোনো অজুহাত হয়?
ক্লপ সে রকম কোনো চেষ্টাও করলেন না। ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন, ‘আমাদের যেকোনো অভিযোগেই অভিযুক্ত করতে পারেন। এটাই হওয়া উচিত। লড়াই করা মানে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসও থাকতে হবে। কিন্তু আমরা আজ সেটা করতে পারিনি। এই মুহূর্তে আমরা যা করছি কিছুই ঠিকঠাক হচ্ছে না। কোনো সুযোগই কাজে লাগাতে পারছি না।’ এএফপি, বিবিসি।