কী হলো নেইমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের এ চেহারাই বলে দিচ্ছে সব—কিছুই হচ্ছে না ঠিকঠাক!
নেইমারের এ চেহারাই বলে দিচ্ছে সব—কিছুই হচ্ছে না ঠিকঠাক!

গোলগুলো সব কোথায় গেল? ১১ ম্যাচে তাঁর গোল নেই। বার্সেলোনা কোচ লুইস এনরিকেও প্রতিটি ম্যাচের শেষেই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন, শিগগিরই গোল-খরা কাটবে নেইমারের। কিন্তু কোথায়! গত পরশু আরেকবার গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কী হলো নেইমারের? বার্সেলোনার হয়ে দুই মাসেরও বেশি সময় ধরে যে গোল পাচ্ছেন না।
অথচ গোল করায় কী ধারাবাহিকই না ছিলেন নেইমার! সান্তোস থেকে বার্সেলোনায় এসেছেন। দক্ষিণ আমেরিকা থেকে এসে থিতু হয়েছেন ইউরোপে। তাঁর সেই গোলের ধারায় ছেদ পড়েনি! পাঁচ বছরে সান্তোসের হয়ে ২২৫ ম্যাচ খেলে ১৩৬ গোল করেছেন। বার্সেলোনায় প্রথম মৌসুমে মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল, এ কারণে ৪১ ম্যাচে তাঁর গোল ছিল মাত্র ১৫টি। তবে পরের দুই মৌসুম দেখেছে তাঁর স্বরূপ। ১০০ ম্যাচ খেলে করেছেন ৭০ গোল।
বার্সেলোনার জার্সি গায়ে নেইমারের সর্বশেষ গোল গত বছরের ১৯ অক্টোবর। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলের জয়ে একটি গোল ছিল তাঁর, যেটি করেছিলেন ম্যাচের ৮৯ মিনিটে। এই ম্যাচের আগে চলতি লিগের ৬ ম্যাচে নেইমার গোল পান ৪টি। চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচে ২টি। তবে সিটি ম্যাচের পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সার ১৫টি ম্যাচ গেছে। নেইমার মাঠে ছিলেন ৯৯১ মিনিট। গোলের জন্য তাঁর হাহাকার ঘোচেনি।
২০১৬ সালে দারুণ এক অর্জনে ভেসেছেন নেইমার। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জিতেছে ব্রাজিল। কিন্তু এই বছরটি আবার হতাশও করেছে সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ডকে। গত বছর ৫৯ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। ২০০৯ সালে সান্তোসের সিনিয়র দলে খেলা শুরুর পর এক বছরে এটাই তাঁর সবচেয়ে কম গোল। কর ফাঁকি মামলার ঝামেলায় গত বছরটা বেশ মানসিক যন্ত্রণায় কেটেছে। এ ছাড়া বার্সার সঙ্গে নতুন চুক্তি হওয়ায় দেরি নিয়েও হতাশ ছিলেন তিনি।
বার্সেলোনা যে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলল, এর পেছনে নেইমারের গোল-খরা একটা কারণ বলে মনে করছেন অনেকে। কেউ কেউ আবার গত ডিসেম্বরের এল ক্লাসিকোতে বার্সার জিততে না পারার দায় চাপাচ্ছেন নেইমারের ওপর। লুইস সুয়ারেজের ৫৩ মিনিটের গোলে সেই ম্যাচে এগিয়ে গিয়েছিল বার্সা। কিন্তু সার্জিও রামোসের শেষ মুহূর্তের গোলে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি। গত পরশু ভিয়ারিয়ালের বিপক্ষেও কয়েকটি সুযোগ হারিয়েছেন। শুধু কি তাই? ম্যাচে ৩০ বার তাঁর পা থেকে বল হারিয়েছে। কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না ব্রাজিল তারকার।
নেইমারের এই গোল-খরায় সবচেয়ে বেশি দুশ্চিন্তা হওয়ার কথা বার্সেলোনা কোচ এনরিকের। হয়তো দুশ্চিন্তা করছেনও। তবে বার্সা সমর্থকদের তিনি আশার বাণীই শুনিয়ে যাচ্ছেন—গোল আসবে!
এদিকে জম্পেশ আড্ডা, প্রিয় বন্ধুর সঙ্গে সেলফি, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি। সবকিছুই ঠিকঠাক চলছে। বার্সেলোনার শুরুর একাদশে খেলছেন নিয়মিত। কিন্তু নেইমারের মন কি ভালো আছে? সূত্র: মার্কা, গোলডটকম।