কী হলো লিভারপুলের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও পরাজয়ের জ্বালা নিয়ে মাঠ ছাড়ছেন জেরার্ড-স্টালিং। ছবি: রয়টার্স
আবারও পরাজয়ের জ্বালা নিয়ে মাঠ ছাড়ছেন জেরার্ড-স্টালিং। ছবি: রয়টার্স

যে দলটা গত মৌসুম শেষ করেছিল দ্বিতীয় অবস্থানে থেকে। চলতি মৌসুমে সেই লিভারপুলের এ কী হাল! লিগে ২৫ অক্টোবর হাল সিটির বিপক্ষে ড্র দিয়ে শুরু। কুফাটা যেন কাটছেই না! এরপর অলরেডদের কপালে কেবলই পরাজয়। আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এগিয়ে থেকেও ৩-১ ব্যবধানে হেরেছে ব্রেন্ডন রজার্সের দল।
২০১২ এপ্রিলের পর লিগে লিভারপুলের এ প্রথম টানা তিন পরাজয়। নিউক্যাসল, চেলসির পর অলরেডরা হারল পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে থাকা ক্রিস্টালের বিপক্ষেও। অথচ আজ মাত্র দুই মিনিটেই রিকি ল্যাম্বার্টের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ম্যাচের বাকি গল্পটা অলরেড সমর্থকদের কেবলই দীর্ঘশ্বাস বাড়াবে!
১৭ মিনিটে প্যালেসকে সমতায় ফেরান ডোয়াইট গেইল। ৭৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন জো লেডলি। ৮১ মিনিটে মাইল জেডিনাক ব্যবধান ৩-১ করে ফেলেন। গত মৌসুমে দ্বিতীয় লেগে এই প্যালেসের মাঠেই ৩-৩ ড্র নিয়ে ফিরেছিল লিভারপুল। রজার্সের দলের ‘প্যালেস-জুজু’টা যে কাটেনি, তা আবারও প্রমাণ হলো!
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থা ১২ নম্বরে।