কীভাবে লিভারপুল জিতল, জানেন না ক্লপ!

>প্রথম লেগে বার্সার মাঠে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে পূর্ণশক্তির বার্সেলোনাকে চার-চারটি গোল ফেরত দিয়ে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে গেছে লিভারপুল। কীভাবে শিষ্যরা এই অসাধ্যসাধন করলেন, জানেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ!
এমন জয় কি দূরতম কল্পনাতে ছিল লিভারপুল–সমর্থকদের! খুব বড় আশাবাদীও তো ভাবেননি অ্যাওয়ে ম্যাচ ৩-০ গোলে হারার পর ঘরের মাঠে বার্সেলোনাকে স্রেফ উড়িয়ে দেওয়া যাবে। যেখানে কাল মোহাম্মদ সালাহ আর ফিরমিনহোর মতো দুই সেরা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল লিভারপুল। জয় মনের কল্পনাতে হয়তো ছিল, কিন্তু এমন জয়! অবশ্যই নয়।
এ তো রীতিমতো রূপকথা! এমন কিছু তো রূপকথার গল্পেই সম্ভব। চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা নিশ্চিত করতে লিভারপুলের একমাত্র উপায় ছিল বার্সেলোনাকে ৪ গোলের ব্যবধানে হারানো। বাস্তবে সেটিই হলো! মোটামুটি দ্বিতীয় সারির দল নিয়েও যে এই মহাকাব্য রচনা করা যায়, খোদ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও ভাবেননি সেটা!
সালাহ, ফিরমিনোর সঙ্গে ছিলেন না নাবি কেইটাও। উপায়ন্তর না দেখে ১৯ বছরের কিশোর রিয়ান ব্রুস্টারকে স্কোয়াডে রেখেছিলেন ক্লপ, অবস্থা এতটাই খারাপ ছিল! এর ওপর পুরো দ্বিতীয়ার্ধ খেলতে পারেননি দলের মূল লেফটব্যাক অ্যান্ড্রু রবার্টসন। লিভারপুলের পক্ষে যেন কিছুই ছিল না। পূর্ণশক্তির দল নিয়েই যেখানে বার্সেলোনাকে হারানো কঠিন কাজ, সেখানে প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে কীভাবে বার্সাকে হারানো যায়? জানতেন না ক্লপ। ম্যাচের শেষে নিজেই তাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যেন, ‘এ ধরনের ম্যাচ জেতা অনেক কঠিন। তাও আবার প্রতিপক্ষের কাছে কোনো গোল না হজম করে। আমি জানি না ওরা কীভাবে করল এটা। একসঙ্গে থেকে খেলোয়াড়েরা যেভাবে আবেগপ্রবণ একটা পরিবেশের সৃষ্টি করেছে, বিষয়টা অসাধারণ।’
ঐতিহাসিক এই জয়ের সিকিভাগ কৃতিত্বও নিতে চাইছেন না ক্লপ। তাঁর চোখে আসল নায়ক খেলোয়াড়েরা, ‘এর সম্পূর্ণ কৃতিত্ব আমি খেলোয়াড়দের দিতে চাই। আমার কোনো হাত নেই এতে। আমার দেখা সেরা দুই-তিনটি ম্যাচের মধ্যে এটা থাকবে।’