কুকুরকে বালোতেল্লির অর্ধকোটি টাকা দান!

অঙ্কটা সঠিক কত, জানা যায়নি। জানা যায়নি আসল দাতার নামও। তবে অনেকেরই অনুমান, দানশীল ব্যক্তিটি আর কেউ নন, মারিও বালোতেল্লি। পরশু লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে জেতানো এই ইতালিয়ান স্ট্রাইকার ম্যানচেস্টারের একটি কুকুর-আশ্রমকে বিশাল অঙ্কের টাকা দান করেছেন বলেই খবর। দানের পরিমাণটা ন্যূনতম পাঁচ অঙ্কের। সেটি ৫০,০০০ পাউন্ড হলেও বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৬৩ লাখ টাকা!
অঙ্কটা মোটেও কম নয় বলেই এই নিয়ে ইংল্যান্ডে বেশ শোরগোল পড়ে গেছে। কুকুরের প্রতি বালোতেল্লির ভালোবাসা গুঞ্জনটাকে আরও উসকে দিচ্ছে। লাকি নামের একটি কুকুরও আছে ম্যানচেস্টার সিটিতে খেলে যাওয়া এই স্ট্রাইকারের। প্রায়ই কুকুরটির সঙ্গে তোলা ছবি বালোতেল্লি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করেন।
সম্প্রতি ম্যানচেস্টারে এক মর্মান্তিক দুর্ঘটনায় কুকুরের আশ্রমটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেই আশ্রমের সাহায্যার্থে ম্যানচেস্টার ইভনিং নিউজ পত্রিকাটি ‘জাস্টগিভিং’ নামের একটি পেজ খোলে। এরপরই সেখানে নাম না প্রকাশ করা এক ব্যক্তি বিশাল অঙ্কের অর্থ দান করেন। সাংবাদিকেরা যোগাযোগ করলে সেই আশ্রমের একজন মুখপাত্র জানান, ম্যানচেস্টারে খেলার সময় এখানকার কুকুরগুলোর সঙ্গেও সময় কাটিয়েছেন বালোতেল্লি। তবে তিনিই দান করেছেন কি না, সেটি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি সেই মুখপাত্র। মেট্রো অনলাইন।