কুতিনহোকে নিয়ে মিথ্যাচার করেছে বার্সেলোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সা কুতিনহোকে কিনতে চাইলেও লিভারপুল তাঁকে বেচতে রাজি ছিল না। ছবি: এএফপি
বার্সা কুতিনহোকে কিনতে চাইলেও লিভারপুল তাঁকে বেচতে রাজি ছিল না। ছবি: এএফপি

কুতিনহোর দলবদল নিয়ে কী এক নাটকই না হলো! ব্রাজিলিয়ান মিডফিল্ডার যেতে চেয়েছিলেন বার্সেলোনায়। স্প্যানিশ জায়ান্টরা তাঁকে কিনতে লিভারপুলের কাছে তিন দফা প্রস্তাবও পাঠিয়েছিলেন। কিন্তু লিভারপুল তাঁকে ছাড়েনি। তবে কুতিনহোর ব্যাপারে বার্সা কর্মকর্তা আলবার্ট সোলারের একটি মন্তব্যে বেজায় চটেছে ইংলিশ ক্লাবটি। কুতিনহোকে নিয়ে সোলার ‘মিথ্যাচার’ করছেন—এমন অভিযোগই তাদের।

সোলার বলেছেন, দলবদলের শেষ দিনে লিভারপুল নাকি কুতিনহোর জন্য ২০ কোটি ইউরো ট্রান্সফার ফি চেয়েছে। অর্থাৎ এই বিশাল অঙ্কের ট্রান্সফার ফির কারণেই ব্রাজিলীয় তারকাকে কেনা হয়নি বার্সার। কিন্তু লিভারপুলের তরফ থেকে বলা হয়েছে, কুতিনহোকে বিক্রির কোনো ইচ্ছাই তাদের ছিল না। ২০ কোটি ইউরোর ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যাচার।
কুতিনহোকে নিয়ে লিভারপুল-বার্সা নাটকের নেপথ্য ঘটনা ফাঁস করেছে ‘ফুটবলের উইকিলিকস’ খ্যাত ওয়েবসাইট ‘ফুটবললিকস’। গত ২০ জুলাই মেইল চালাচালি হয় লিভারপুলের ক্রীড়া পরিচালক মাইকেল এডয়ার্ডস ও বার্সেলোনার নির্বাহী পরিচালক অস্কার গ্রাউয়ের মধ্যে। সেই মেইলের তথ্যাদি ফাঁস করেছে ফুটবললিকস, যা প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যম ‘হের স্পিগেল’। গ্রাউকে পাঠানো মেইলে এডয়ার্ডস স্পষ্ট বলেছিলেন, ‘যে দামই দিন না কেন কুতিনহোকে বিক্রি করা হবে না।’
কিন্তু বার্সা এতেও পিছু হটেনি। আগস্টের শুরুতে তারা আবারও প্রস্তাব পাঠায় লিভারপুলের কাছে। ৯ কোটি ইউরো ট্রান্সফার ফির সঙ্গে ‘অ্যাড-অনস’ হিসেবে আরও ৪ কোটি ইউরো দিতে চেয়েছিল কাতালান ক্লাবটি। এডয়ার্ডস এবারও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। গ্রাউকে পাঠানো মেইলে বিনয়ের সঙ্গে বলেছিলেন, ‘আমি ভদ্রভাবে বলছি, কুতিনহোকে হয়রানি করা বন্ধ করুন। টাকার কোনো অঙ্কই আমাদের মানসিকতা পাল্টাতে পারবে না।’ লিভারপুলের আরেকটি অভিযোগ ছিল বার্সা নাকি গোপনে কুতিনহোর সঙ্গে আঁতাতের চেষ্টা করে যাচ্ছে। বার্সা অবশ্য এই অভিযোগ অস্বীকারই করেছে।
ইউরোপীয় সংবাদমাধ্যমের অভিমত, নেইমার চলে যাওয়ায় ভীষণ বিপাকে পড়ে যায় বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউয়ের নেতৃত্বাধীন বোর্ড। খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে তাঁদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এদের মধ্যে ক্লাবটির সাবেক সভাপতি পদপ্রার্থী অগাস্তি বেনেদিত্তো বার্তোমেউয়ের বিপক্ষে ‘অনাস্থা’ ভোটও সংগ্রহ শুরু করেন। এসব কিছু মাটিচাপা দিতে কুতিনহোকে কিনতে মরিয়া ছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থই হয়েছে।
ফুটবললিকসের ফাঁসকৃত তথ্যাদিতে বেরিয়ে এসেছে, দলবদলের শেষ দিনে কুতিনহোর সঙ্গে ২০ পৃষ্ঠার সমঝোতা চুক্তিও করে ফেলেছিল বার্সা। ট্রান্সফারটি সর্বোচ্চ ১০ কোটি ইউরোয় আলোর মুখ দেখলে ১ কোটি ইউরো পেতেন কুতিনহোর এজেন্ট। আর পাঁচ বছরে বার্সায় কুতিনহো আয় করতেন ১১ কোটি ৫০ লাখ ইউরো। সূত্র: মার্কা, মিরর, ইনডিপেনডেন্ট।