কুতিনহোকে দলে টানতে ঘাম ছুটছে বার্সার

কুতিনহোকে কিছুতেই বার্সায় যেতে দেবেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ; সে যত টাকাই দিক বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টদের একের পর এক প্রস্তাব অবলীলায় প্রত্যাখ্যান করছেন তিনি। ব্যাপারটি অনেকটা ‘তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না...’ গানের মতো। ব্রিটিশ গণমাধ্যমের খবর, বুধবার কুতিনহোর জন্য প্রায় ১০০ মিলিয়ন ইউরোর (৯০.৩ মিলিয়ন পাউন্ড) প্রস্তাব নাকচ করেছে লিভারপুল এফসি।
কুতিনহোকে নিয়ে বার্সা-লিভারপুলের এই টানাটানির শুরুটা অবশ্য নেইমার পিএসজিতে যাওয়ার আগেই। নেইমার নিজেই নাকি স্বদেশি কুতিনহোকে বার্সায় আনতে চেষ্টা করেছেন। যদিও ক্লপ প্রথম থেকেই বলে আসছেন, ‘কুতিনহো বিক্রির জন্য নয়’।
গত মাসে বার্সা প্রথম তাঁকে কেনার জন্য ৭২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। সেটিও পত্রপাঠ প্রত্যাখ্যান করেন ক্লপ। মনে হচ্ছিল, ব্যাপারটা চুকে গেছে। কিন্তু বার্সা যে কুতিনহোর পিছু ছাড়ছেই না। নেইমারের দল ছাড়ার পর এই ব্রাজিলীয়কে দলে আনার আগ্রহটা আবারও প্রকাশ করেছে কাতালান ক্লাবটি। কুতিনহোকে নেইমারের ভালো বিকল্পই ভাবছে তারা।
‘হেভি মেটাল ফুটবলে’র প্রবক্তা ক্লপ অবশ্য তৃতীয় প্রস্তাবের আগেই সাবধান করে দিয়েছেন। শক্তি সঞ্চয় করার পরামর্শ দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, ‘লিভারপুল কোনো সওদাগরি ক্লাব নয়। আমরা খেলোয়াড় বিক্রির কথা ভাবছি না।’

২০১৩ সালে ৮.৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার মিলান থেকে লিভারপুলে আসেন কুতিনহো। সর্বশেষ মৌসুমে ১৪ গোলসহ লিভারপুলের হয়ে মোট ১৮১ ম্যাচে ৪২ গোল করেছেন এই প্লে-মেকার। জানুয়ারিতে তাঁর সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করে লিভারপুল।
কুতিনহোর পাশাপাশি বরুসিয়া ডর্টমুন্ডের ২০ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার উসমান ডেম্বেলেকেও দলে পেতে চাইছে বার্সা। সূত্র: এএফপি, বিবিসি স্পোর্টস।