কুতিনহোকে নিয়ে নাটক চলছেই

এ যেন নেইমার-নাটকের পুনরাবৃত্তি। বার্সেলোনা দাবি করছে ফিলিপে কুতিনহোকে ‘প্রায়’ দলে নিয়েছে তারা। ওদিকে লিভারপুলের দায়িত্বে যেন একচোখা সাইক্লপস। অন্তত ক্লপের বক্তব্য শুনলে তাই মনে হবে। শনিবার অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের আগে আরও একবার স্মরণ করিয়ে দিলেন ‘কোনো খেলোয়াড়েরই অ্যানফিল্ড ছেড়ে যাওয়ার কারণ নেই।’
মৌসুমের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলতে গিয়েছিল অল রেডরা। ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরত আসে ক্লপ বাহিনী। নতুন মৌসুমের অ্যানফিল্ড অভিযান শুরু হচ্ছে শনিবার। এই ম্যাচেও থাকছেন না ব্রাজিলিয়ান প্লেমেকার কুতিনহো। এ প্রসঙ্গে লিভারপুল কোচ ক্লপের ব্যাখ্যা, ‘ফিলকে পাওয়া যাবে না, সে এখনো অনুশীলনে আসেনি। আহত খেলোয়াড়দের নিয়ে এমনটা হয়ই, এখানে নতুন কিছু নেই। নিশ্চিত করে বলা যাচ্ছে না সে কখন আসবে।’
এ ম্যাচে অভিষেক হতে পারে স্কটিশ লেফটব্যাক অ্যান্ড্রু রবার্টসনের। ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হাল সিটি থেকে অ্যানফিল্ডে এসেছেন জুলাইয়ে। এত দিন লেফটব্যাক হিসেবে আলবার্তো মোরেনোকে খেলিয়েছেন ক্লপ। তবে রবার্টসনের ব্যাপারে শুরু থেকেই আশাবাদী ছিলেন ক্লপ, ‘সে ভালো ছন্দে আছে এবং আমার দিক থেকে সবকিছু ঠিক আছে। এখনো মাত্র শুরু, সে মোটে এখানে এসেছে, আমাদের খেলার ধরনের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে।’
ফিলিপ কুতিনহোকে নিতে বার্সেলোনার ১০০ মিলিয়ন ইউরো প্রস্তাব নাকচ করে দিয়েছে লিভারপুল। তবে এ ব্যাপারে আর কোনো কিছু যোগ করেননি এই ‘হেভি মেটাল’ কোচ। সূত্র: এএফপি