কুতিনহোর কাছেই হারলেন 'স্পেশাল ওয়ান'

স্ট্যামফোর্ড ব্রিজকে এক সময় দুর্গ বানিয়ে ফেলেছিলেন হোসে মরিনহো। চেলসির মাঠে জয় নিয়ে মাঠ ছাড়ার আশা ছেড়েই দিয়েছিল ক্লাব গুলো। কিন্তু সেই স্মৃতিতে এখন ধুলোর আস্তর পড়তে চলেছে। এই মৌসুমে নিজেদের মাঠে তিন তিনটি হারে ‘স্পেশাল ওয়ানের’ দুর্গেও ফাটল দেখা দিয়েছে। লিভারপুলের কাছে আজ ৩-১ গোলে হেরে তো অবনমন সীমায়ও চলে গেল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
অথচ চেলসি খেলোয়াড়েরা যেভাবে তেড়েফুঁড়ে নেমেছিলেন, তাতে মনে হচ্ছিল সব সমালোচনার শেষ আজই করতে যাচ্ছে তাঁরা। ৪ মিনিট পেরোনোর আগেই এক গোল! কিন্তু প্রতিপক্ষ যে ‘নরমাল ওয়ানে’র লিভারপুল। তাই দাঁতে দাঁত চেপে লড়ে গেল ‘অল রেড’রা। কিছুক্ষণের মাঝেই খেলা জমে উঠল। আক্রমণ পাল্টা-আক্রমণে দুই দলের রক্ষণ ভাগই তটস্থ ছিল পুরোটা সময়। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। রামিরেসের দেওয়া গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল চেলসি দল, তখন কুতিনহোর জাদুর ছোঁয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে বল পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান। হালকা একটা ডামি করে যে শটটি নিলেন তা আটকাতে পারেননি চেলসি গোলরক্ষক আজমির বেগোভিচ।
বিরতির পরও দুই দলই বারবার গোলমুখ খোলার চেষ্টা করেছে কিন্তু দুই গোলরক্ষকের দৃঢ়তায় গোল পায়নি কেউই। ৭২ মিনিটের মাথায় লিভারপুলের অর্ধের প্রায় মাঝখান থেকে দূরপাল্লার এক শট নিয়েছিলেন অস্কার। কিন্তু গোলরক্ষক সিমোন মিনিওলেতের অসাধারণ সেভ বাঁচিয়ে দেয় লিভারপুলকে। এর এক মিনিট পরেই আবারও কুতিনহো চমক। ক্রিস্টিয়ান বেনটেকের পাস থেকে আবারও বাঁকানো এক শট এবং এগিয়ে গেল লিভারপুল। অবশ্য জালে যাওয়ার আগে জন টেরির শরীরে লেগে বলের দিক পরিবর্তনের ঘটনাকেও দুর্ভাগ্য হিসেবে দেখতে পারে চেলসি।
তারপরও একটু চেষ্টা করছিল চেলসি। কিন্তু সেই আশায় গুঁড়েবালি। অনেক দিন পরে মাঠে ফেরাকে গোল দিয়েই উদ্যাপন করার সিদ্ধান্ত নিলেন বেনটেকে। ৮৩ মিনিটে তাঁর এই গোলের পর ম্যাচের ফল নিয়ে আর কোনো সংশয় ছিল না।