কুতিনহোর জন্য এ কেমন প্রস্তাব বার্সার!

ফিলিপে কুতিনহোকে এবার দলে নিয়েই ছাড়বে বার্সেলোনা—হাবভাবটা এমনই। কিন্তু গতকাল ব্রাজিলীয় ফরোয়ার্ডের জন্য বার্সেলোনা লিভারপুলের কাছে যে ১২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে, সেটি ফিরিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি। এ নিয়ে তৃতীয়বারের মতো বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান করল লিভারপুল।
কাল লিভারপুল বার্সার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। প্রথমত, কুতিনহোর জন্য ১২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়াটাই বাড়াবাড়ি মনে হচ্ছে সবার (লিভারপুল সমর্থকদের কথা আলাদা), আর দ্বিতীয়ত কুতিনহোকে বিক্রি করার এই সুযোগ কীভাবে লিভারপুল হাতছাড়া করল এই ভেবে!
কিন্তু প্রস্তাবের সবগুলো শর্ত জানার পর বোঝা গেল, এমন প্রস্তাবে রাজি হলে উল্টো লিভারপুলকে নিয়েই হাসাহাসি হতো। বার্সেলোনা প্রাথমিকভাবে শুধু ৮৭ মিলিয়ন ইউরো দিতে রাজি ছিল। বাকি ৩৮ মিলিয়ন দিতে চেয়েছিল বিভিন্ন শর্ত পূরণের পরপরই। সে শর্ত গুলো এতটাই কঠিন যে ইংলিশ ক্লাবের ১২৫ মিলিয়ন ইউরোর স্বপ্ন কখনো পূরণ হতো না। লিভারপুলকে দেওয়া বার্সেলোনার প্রস্তাবে কী ছিল? এক নজরে দেখে নিন কতটা কঠিন-শৃঙ্খলে বাঁধা ছিল সেই প্রস্তাবগুলো...
১. বার্সেলোনার হয়ে এক মৌসুমে একাধিক শিরোপা জিততে হবে কুতিনহোকে।
২. একাধিক চ্যাম্পিয়নস ট্রফি জিততে হবে।
৩. বিশ্বসেরা খেলোয়াড় হতে হবে ব্রাজিলিয়ানকে, অর্থাৎ ব্যালন ডি’ অর পেতে হবে কুতিনহোকে।
৪. ব্যালন ডি’ অর জয়ের সঙ্গে ওই মৌসুমেই ক্লাবকে পাইয়ে দিতে হবে একাধিক শিরোপা।
৫. ৮৭ মিলিয়ন ইউরোও একবারে নয়, পাঁচ বছর ধরে কিস্তিতে দেবে বার্সেলোনা!
এমন প্রস্তাব শুনে লিভারপুল যে পত্রপাঠ বিদায় দিয়েছে , তাতে আর বিস্ময়ের কী!