কুতিনহোর জীবন 'দুর্বিষহ' লিভারপুলে?

ফিলিপে কুতিনহোর ধৈর্যের বাঁধ কি তবে ভেঙেই গেল? ব্রিটিশ মিডিয়ার খবরে তো তেমনই মনে হচ্ছে। সমর্থকদের কাছে রীতিমতো খোলা চিঠি লিখতে যাচ্ছেন এই ব্রাজিলীয়। বিষয়—তাঁর প্রতি লিভারপুলের ‘নিষ্ঠুরতা’।
নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর কুতিনহোকে দলে টানতে চেয়েছিল বার্সেলোনা। ৭২ মিলিয়ন ইউরো থেকে তাঁর দর ১১৪ মিলিয়ন পর্যন্তও বাড়িয়েছিল। কিন্তু সব প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এখন নাকি সেই দরও বাড়ানোর পরিকল্পনা করছে বার্সা। ইংলিশ পত্রিকা সান লিখেছে, ১১৪ মিলিয়ন থেকে দরটা ১৩৬ মিলিয়ন করে কুতিনহোর জন্য নতুন প্রস্তাব দেবে তারা।
কুতিনহোকে না ছাড়লেও তাঁর প্রতি ক্লপের আচরণ নাকি বেশ ঠান্ডা। শুধু তা-ই নয়, কুতিনহোকে নিষ্ক্রিয় করে দিয়ে তিনি দলের অন্য খেলোয়াড়দের সামনে উদাহরণ তৈরি করতে চাচ্ছেন। ব্যাপারটা অনেকটা এমন, চলে যেতে চাইলে কী হয়, একবার দেখে নিয়ো।
কুতিনহোর জন্য পুরো ব্যাপারটি দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি সমর্থকদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে সেটিই বলতে চান। তিনি খেলতে চান, নয়তো চলে যেতে চান। বাইরে বসে ক্যারিয়ারের স্বর্ণসময় নষ্ট করার কোনো মানে তিনি দেখেন না। কুতিনহো মনে করেন, একজন খেলোয়াড় কোথায় খেলবেন, কোথায় যাবেন, এটা দিন শেষে তাঁর ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে।
ক্লাপ অবশ্য এমন কিছু স্বীকার করেননি। তিনি জানিয়েছেন, কুতিনহোর সঙ্গে কোনো সমস্যা নেই তাঁর। সম্পর্কটা স্বাভাবিকই আছে। ব্রাজিলীয় তারকাকে লিভারপুলে রাখা হবে কি না, এটা নিয়েও এই জার্মান কোচ ইতিবাচক উত্তর দিয়েছেন, ‘তাঁকে অবশ্যই দলে রাখা হবে। তাঁকে ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা ঠিক আছে কি না, এটাই জানতে চাচ্ছেন তো? আমি বলছি, ঠিকই আছে।’
১ আগস্ট থেকে লিভারপুলের জার্সি গায়ে তোলেননি কুতিনহো। পিঠের ব্যথার কথা বলে অনুশীলনও করেননি। গত মৌসুমেই পাঁচ বছরে চুক্তি সেরেছিলেন অ্যানফিল্ডে। সে চুক্তিতে ‘রিলিজ ক্লজ’ বলে কিছু ছিল না। এর মানে ক্লাব রাজি না হলে তিনি দলবদল করতে পারবেন না। কুতিনহো বোধ হয় কাঁচা কাজটা সেখানেই করে ফেলেছিলেন।