কুতিনহোর বার্সা অভিষেক পিছিয়ে গেল তিন সপ্তাহ

ফিলিপে কুতিনহোকে বার্সেলোনার জার্সিতে দেখতে চাওয়ার অপেক্ষা ছয় মাস পিছিয়ে গিয়েছিল। বার্সা-সমর্থকদের এবার তাঁকে মাঠে খেলতে দেখার অপেক্ষাও পিছিয়ে গেল তিন সপ্তাহ। এ মাসে তাঁকে খেলতে দেখার সম্ভাবনা তেমন নেই বললেই চলে। চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিল প্লেমেকারকে। ৪ ফেব্রুয়ারি এসপানিয়লের বিপক্ষে অভিষেক হতে পারে তাঁর।
ব্রিটিশ ও স্প্যানিশ রেকর্ড ১৬০ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে নাম লেখানো এই খেলোয়াড়কে এমনিতেই পুরো কাজে লাগাতে পারবে না কাতালান ক্লাবটি। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলে ফেলায় এই মৌসুমে ওই প্রতিযোগিতায় অন্য ক্লাবের হয়ে খেলার সুযোগ নেই কুতিনহোর। লিগ আর কাপেই কেবল খেলতে পারবেন। কিন্তু ঊরুর চোটের কারণে অন্তত সামনের তিনটি ম্যাচে তাঁকে পাবে না বার্সা। চুক্তির সইয়ের প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষাতে কুতিনহোর এই চোট ধরা পড়ে।
লিভারপুলের হয়ে সর্বশেষ দুই ম্যাচে তিনি খেলেননি। তখন ওই ক্লাবের পক্ষ থেকেও বলা হয়েছিল চোটের কথা। যদিও ধারণা করা হচ্ছিল, চোট নয়, কুতিনহোর বার্সায় চলে যাওয়া আসন্ন বলেই দলের বাইরে। এখন বোঝা গেল, চোটও আসলে একটা বড় সমস্যা ছিল।
দুর্দান্ত ফর্মে থেকেই লিভাপুল থেকে বার্সায় এলেন। ২০ ম্যাচে করেছেন ১২ গোল। গোলও করিয়েছেন বেশ। তবে চোট আপাতত দর্শক বানিয়ে রাখল তাঁকে।