কুতিনিও ফিরলেন, দেখলেন, জয় করলেন

ইংল্যান্ডে এসেই গোল পেয়েছেন কুতিনিওছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে এই প্রিমিয়ার লিগই ছিল তাঁর বিস্তৃত ক্যানভাস। সবুজ মাঠে লিভারপুলের লাল জার্সি গায়ে সে ক্যানভাসে খেয়ালি শিল্পী মেতে উঠতেন সৃষ্টির আনন্দে। তা দেখে কারোর মনে পড়ত আন্দ্রেস ইনিয়েস্তার কথা, কারোর নেইমারের। নেইমার-ইনিয়েস্তাদের অভাব পূরণ করতেই চোখে হাজারো স্বপ্নের মায়াঞ্জন এঁকে চার বছর আগে শিল্পী পাড়ি জমিয়েছিলেন আরও বড় কিছু করার আশায়। স্বপ্নভঙ্গের বেদনা স্পর্শ করতে ছয় মাসও সময় নেয়নি। সে বেদনা মনের কোণে পুষেছেন চার-চারটি বছর।


অবশেষে শিল্পী আবারও ফিরেছেন তাঁর পরিচিত ক্যানভাসে। নেমেই ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাসী বলীয়ান হয়ে গোটা পৃথিবীকে বাধ্য করেছিলেন তাঁর সামনে নতজানু হতে।

দলকে ড্র এনে দিয়েছেন কুতিনিও
ছবি : রয়টার্স

বলা হচ্ছিল ফিলিপ কুতিনিওর কথা। লিভারপুলের হয়ে মাঠ মাতানো এই তারকা আরও বড় কিছুর আশায় বার্সেলোনায় গেলেও ক্যারিয়ারে এগোতে পেরেছেন সামান্যই। এখন কোনো বড় ক্লাব তো দূর, ক্যারিয়ারই এগোনো দায় এই ব্রাজিল তারকার।

শেষমেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন স্টিভেন জেরার্ড, যাঁর অধিনায়কত্বেই লিভারপুলের হয়ে একের পর এক গোলের মায়াবী ছবি আঁকতেন। বুটজোড়া তুলে রেঞ্জার্স ঘুরে জেরার্ড এখন অ্যাস্টন ভিলার কোচ, কুতিনিওর-ও ঠাঁই হয়েছে অ্যাস্টন ভিলায়। গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নতুন ক্লাবের হয়ে অভিষেকও হয়ে গেল তাঁর। লিভারপুলের খেলোয়াড় হিসেবে যে ইউনাইটেডকে আজীবন ‘শত্রু’ মেনেছেন, সেই ইউনাইটেডকে পেয়েই যেন আগের কুতিনিওর ঝলক দেখা গেল। আর সে ঝলকেই মহামূল্যবান দুই পয়েন্ট হারাল রালফ রাংনিকের দল। পিছিয়ে পড়ল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন লিগ খেলার দৌড়ে। দুই গোলে পিছিয়ে থাকার পরও কুতিনিও ঝলকে ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাস্টন ভিলা।

ব্রুনোর জোড়া গোল বিফলে গেছে
ছবি : রয়টার্স

ম্যাচে খেলেননি রোনালদো। খেলেননি দেখেই কি না, ৪-২-৩-১ ছকে সামনে এদিনসন কাভানিকে রেখে ইউনাইটেডের খেলোয়াড়েরা নিজেদের খেলোয়াড়ি দক্ষতা প্রকাশের পরিপূর্ণ মঞ্চ পেলেন। ছয় মিনিটেই এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। রোনালদোর পর্তুগাল সতীর্থ ব্রুনো ফার্নান্দেসের এক ফ্রি কিক আটকাতে গিয়ে গুবলেট পাকিয়ে ফেলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। গত মৌসুমে যেমন অসাধারণ খেলে বিশ্বের অন্যতম সেরা গোলকিপারের কাতারে চলে গিয়েছিলেন, চলতি মৌসুমে মার্তিনেজের জঘন্য পারফরম্যান্স সেই অসাধারণ খেলার নজিরগুলোকে দূরের কোনো আবছা স্মৃতি বানিয়ে দিচ্ছে যেন।


৬৭ মিনিটে দলকে আরও এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। নতুন কোচের অধীন নবজীবন ফিরে পাওয়া ব্রাজিল মিডফিল্ডার ফ্রেদের পাস থেকে দলের দ্বিতীয় গোলটা করেন ব্রুনো। এতক্ষণ বেঞ্চে বসে বসে দলের পিছিয়ে যাওয়া দেখছিলেন কুতিনিও। ব্রুনোর দ্বিতীয় গোলে ফ্রেদের সহায়তা দেখেই অ্যাস্টন ভিলার কোচ জেরার্ডের হয়তো মনে হলো, আরে, আমাদেরও তো গোল বানিয়ে দেওয়া ও করানোর ব্রাজিলিয়ান অস্ত্র আছে! ফ্রেদের চেয়েও যে অস্ত্র ভালো বহু বহু গুণে! ৬৯ মিনিটে ফরাসি মিডফিল্ডার মরগান সানসনের জায়গায় চার বছর পর ইংল্যান্ডের কোনো ক্লাবের খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের মাঠে পা পড়ল কুতিনিওর।

এককালের সতীর্থ যখন শিষ্য
ছবি : রয়টার্স

তিনি নামলেন, নেমে আশপাশের অবস্থা বুঝলেন আট মিনিটের মতো। আট মিনিট পর ইউনাইটেড ডিফেন্ডারদের বোকা বানিয়ে কার্নি চুকুমেকার সঙ্গে ওয়ান-টু পাস খেলে বিপজ্জনকভাবে ডি-বক্সে ঢুকে গিয়ে মিডফিল্ডার জ্যাকব র‍্যামসিকে পাস দিলেন কুতিনিও। ব্যস, ব্যবধান কমিয়ে নিল ভিলা! রালফ রাংনিকের হাতে তখন রোনালদোও নেই যে আসন্ন বিপদের হাত থেকে দলকে উদ্ধার করবেন!


চার মিনিট পর মূল নায়ক হিসেবেই আবির্ভাব হলো কুতিনিওর। জ্যাকব র‍্যামসির পাসটা আটকাতে গিয়ে মাটিতে পড়ে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান। বল চলে গেল কুতিনিওর কাছে। প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়টা তাতেই পেয়ে গেলেন গোল করার রসদ। জানিয়ে দিলেন, তিনি ইংল্যান্ডে ফিরেছেন!