‘ফিলিপ কুতিনিও-র খেলা ভালো না লাগলে আপনার ফুটবল দেখা ছেড়ে দেওয়া উচিত...।’
কথাটা অ্যাস্টন ভিলা কোচ স্টিভেন জেরার্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগে কাল লিডস ইউনাইটেডের বিপক্ষে ছয় গোলের এক রোমাঞ্চকর ম্যাচে দুর্দান্ত ছিলেন কুতিনিও।
দুটি গোল করানোর পাশাপাশি ব্রাজিলিয়ান তারকা নিজেও গোল পেয়েছেন। তবে অ্যাস্টন ভিলা ম্যাচটা জিততে পারেনি। মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের সঙ্গে ড্র করেছে ৩-৩ গোলে।
এই ইংলিশ প্রিমিয়ার লিগেই এক সময় সবুজ ক্যানভাসে বলকে তুলি বানিয়ে অসাধারণ সব ‘ছবি’এঁকেছেন কুতিনিও। চার বছর আগেও লিভারপুলের সেই কুতিনিওকে এখনো অনেকের মনে পড়ে।
মাঝে বার্সেলোনায় যোগ দিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল, এ মৌসুমে তিনি ধারে ফিরেছেন অ্যাস্টন ভিলায়, অর্থাৎ আবারও প্রিমিয়ার লিগে। ধারও বেড়েছে অনেক। চেনা ক্যানভাসে ফিরেই যেন আবারও ‘শিল্পী’ হয়ে উঠছেন কুতিনিও। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নতুন ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেও গোল করার পাশাপাশি গোল করিয়েছেন। কাল সেটিরই ধারাবাহিকতা ধরে রাখলেন।
৭৮ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন কুতিনিও। ৩০ মিনিটে নিজে গোল করার পাশাপাশি ৩৮ ও ৪৩ মিনিটে দুটি গোল করান জ্যাকব রামসিকে দিয়ে। প্রথমার্ধ শেষে ৩-২ গোলে অ্যাস্টন ভিলাই এগিয়ে ছিল। ৬৩ মিনিটে লরেন্তের গোলে সমতায় ফেরে লিডস।
তবে গোল আরও হতে পারত। ভিলা ও লিডসের দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ৮৭ মিনিটে ডিফেন্ডার এজরি কনসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও বিপদ বাড়তে দেয়নি জেরার্ডের দল।
ভিলার হয়ে এ মৌসুমে ৩ ম্যাচে এরই মধ্যে ৪ গোল বানিয়েছেন কুতিনিও, গোল করেছেন ২টি। ধারে নিয়ে এলেও জুনে তাঁকে ৪ কোটি ইউরোয় কিনে নেওয়ার সুযোগ পাবে অ্যাস্টন ভিলা।
জেরার্ড সুযোগটা নেবেন কি না, তা সময়ই বলে দেবে। আপাতত কুতিনিওর পারফরম্যান্সে সন্তুষ্ট লিভারপুল কিংবদন্তি। ম্যাচ শেষে বলেছেন, ‘এটা ধ্রুপদি ফিলিপ কুতিনিও। আমরা তাকে মঞ্চটা দিয়েছি যেন ফুটবলটা সে উপভোগ করতে পারে। তার খেলা ভালো না লাগলে ফুটবল দেখা ছেড়ে দিতে পারেন।’
প্রিমিয়ার লিগে অন্য ম্যাচে টটেনহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে ‘কামব্যাক’-এর দুর্দান্ত নজির গড়েছে সাউদাম্পটন।
১৮ মিনিটে পিছিয়ে পড়ে ১-১ গোলের সমতায় প্রথমার্ধ শেষ করে সাউদাম্পটন। বিরতির পর আরও একবার পিছিয়ে পড়েও সমতায় ফেরার পর ৮২ মিনিটে এগিয়ে যাওয়া গোলে শেষ পর্যন্ত দারুণ জয় তুলে নেয় সাউদাম্পটন।
ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলে ১২ পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।
ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে লাৎসিওকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে এসি মিলান। জোড়া গোল করেন মিলানের ফরাসি স্ট্রাইকার অলিভার জিঁরু। সেমিফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে মিলান। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে কাল রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারায় রিয়াল বেতিস।