বার্সেলোনার মূল লেফটব্যাক হিসেবে গত প্রায় এক দশক ধরে জর্দি আলবার কোনো বিকল্প নেই। ফলে আলবার ফর্ম খারাপ হলেও অনেক সময় অন্য কাউকে খেলানোর জন্য পায় না বার্সেলোনা। সে ব্যাপারটা নজরে পড়েছে জাভির। যে কারণে দলে নতুন লেফটব্যাক আনতে চাইছেন তিনি। দুজন উঁচুমানের লেফটব্যাক থাকলে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি হবে, একাদশে জায়গা পাওয়ার জন্য দুজনই লড়াই করবেন। যে কারণে আয়াক্সের আর্জেন্টাইন লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকোকে পছন্দ হয়েছে জাভির।
তালিয়াফিকোকে আনার জন্য তরুণ লেফটব্যাক আলেহান্দ্রো বালদেকে ধারে অন্য ক্লাবে পাঠাতেও ইচ্ছুক জাভি। এমনও হতে পারে, তালিয়াফিকোকে আয়াক্স থেকে আনার বিনিময়ে বালদেকে ওই আয়াক্সেই ধারে পাঠিয়ে দিল বার্সেলোনা! তালিয়াফিকো নিজেও জানেন তাঁর প্রতি বার্সেলোনার আগ্রহের ব্যাপারে। যে কারণে নাপোলিতে না গিয়ে বার্সায় যাওয়ার ক্ষণ গুণছেন তিনি।
এমনই হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ফুটবলপাড়া। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন? না রিয়ালে যাবেন? আর্লিং হরলান্ড কি ডর্টমুন্ড ছাড়বেন? স্কাই ইতালিয়াকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর লুকাকুকে কি চেলসি দলে রাখবে? হ্যারি কেইন কি অবশেষে টটেনহাম ছাড়তে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?
এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর, কিছু দলবদল-ধাঁধা থেকে যাবে অমীমাংসিত। ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শুরু হয়েছে এর মধ্যেই। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক—
রিয়াল মাদ্রিদ
আগামী দিনের মাঝমাঠ গঠনের জন্য বুন্দেসলিগায় নজর দিতে পারে রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান উইর্তজের দিকে নজর আছে তাদের, জানিয়েছে মার্কা। শুধু তাই নয়, আয়াক্সের ডাচ তারকা রায়ান গ্রাভেনবার্চ ও লেস্টার সিটির ফরাসি সেন্টারব্যাক ওয়েসলি ফোফানাকেও দলে আনতে পারে রিয়াল।
আতলেতিকো মাদ্রিদ
চেলসির স্প্যানিশ উইংব্যাক মার্কোস আলোনসোকে দলে আনতে পারে আতলেতিকো মাদ্রিদ, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
লিভারপুল
ফুলহ্যামের ১৯ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ফাবিও কারভালিওকে দলে আনছে লিভারপুল
আর্সেনাল
জার্মান গোলকিপার বার্নড লেনোকে বিক্রি করে দিতে রাজি আর্সেনাল। নিউক্যাসল আগ্রহী এই গোলকিপারের প্রতি। লেনোর জায়গায় নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের গোলকিপার ম্যাট টার্নারকে আনতে পারে আর্সেনাল। ওদিকে দলের সাবেক অধিনায়ক পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের প্রতি আগ্রহী এসি মিলান থেকে শুরু করে পিএসজি, সেভিয়া, জুভেন্টাস ও মার্শেইয়ের মতো ক্লাবগুলো। ১৮ মাসের ধারে জুভেন্টাস থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলোকে দলে আনতে পারে আর্সেনাল। মেলোর বিকল্প জুভেন্টাস খুঁজে পেলেও আর্সেনাল তাঁকে নিয়ে আসবে।
চেলসি
স্টুটগার্টের ক্রোয়েশিয়ান লেফটব্যাক বরনা সোসাকে দলে আনতে পারে চেলসি, জানিয়েছে বার্মিংহ্যাম লাইভ।
টটেনহাম হটস্পার
এসি মিলানের আইভরিয়ান মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিকে দলে আনতে চাইছে টটেনহাম। ফরাসি মিডফিল্ডার তাঙ্গি এনদোম্বেলের জায়গায় কেসিকে পছন্দ হয়েছে তাঁদের। উলভারহ্যাম্পটন থেকে স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রায়োরের টটেনহামে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। ক্লাব ব্রুগার ২০ বছর বয়সী বেলজিয়ান স্ট্রাইকার চার্লস দে কেতেলেরের প্রতি আগ্রহ দেখিয়েছে আন্তোনিও কন্তের দল।
নিউক্যাসল ইউনাইটেড
ধারে ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার জেসি লিনগার্ডকে দলে আনতে পারে নিউক্যাসল ইউনাইটেড। বায়ার লেভারকুসেনের ডাচ লেফটব্যাক মিচেল বাক্কারের জন্য ১ কোটি ৪৫ লাখ পাউন্ডের একটা প্রস্তাবও পাঠিয়েছে নিউক্যাসল। ওদিকে তিন কোটি পাউন্ডের বিনিময়ে সেভিয়া থেকে ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দিয়েগো কার্লোসের আসার ব্যাপারটা প্রায় নিশ্চিত। ৫ কোটি পাউন্ডের বিনিময়ে মালির মিডফিল্ডার ইভিস বিসুমাকেও ব্রাইটন থেকে নিয়ে আসতে পারে দলটা
এসি মিলান
রেড স্টার বেলগ্রেডের সার্বিয়ান স্ট্রাইকার মার্কো লাজেতিচকে দলে আনতে পারে এসি মিলান
জুভেন্টাস
জুভেন্টাসের উরুগুইয়ান মিডফিল্ডার রদ্রিগো বেনতাঙ্কুরকে দলে চাইছে অ্যাস্টন ভিলা, জানিয়েছে ইংলিশ দৈনিক ডেইলি মেইল।
ইন্টার মিলান
লেস্টার সিটির বেলজিয়ান উইংব্যাক তিমোথি কাস্তানিয়েকে দলে নেওয়ার সুযোগ পেয়েছে ইন্টার মিলান। লেস্টার এই উইংব্যাককে বিক্রি করে দিতে ইচ্ছুক
নাপোলি
দলে নতুন লেফটব্যাক চাইছে নাপোলি। প্রথম পছন্দ আয়াক্সের আর্জেন্টাইন লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো, তালিয়াফিকোকে না পাওয়া গেলে হেতাদের উরুগুইয়ান লেফটব্যাক ম্যাথিয়াস অলিভিয়েরার দিকে হাত বাড়াতে পারে তারা
পিএসজি
ধারে টটেনহামের ফরাসি মিডফিল্ডার তাঙ্গি এনদোম্বেলেকে দলে আনতে চাইছে পিএসজি। লিলের কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিডকে দলে আনতে পারে পিএসজি
বায়ার্ন মিউনিখ
স্পোর্তওয়ান জানিয়েছে, জার্মান ডিফেন্ডার নিকলাস সুলা চুক্তি নবায়ন না করতে চাইলে তাঁর জায়গায় জুভেন্টাসের ডাচ সেন্টারব্যাক ম্যাটাইস ডি লিখটকে দলে আনতে পারে বায়ার্ন মিউনিখ
অন্যান্য
নাইজেরিয়ার উইঙ্গার স্যামুয়েল কালুর প্রতি আগ্রহ দেখিয়েছে ওয়াটফোর্ড। শুধু তাই নয়, লিভারপুল থেকে সেন্টারব্যাক ন্যাট ফিলিপসকেও দলে আনতে চায় তাঁরা। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানস জানিয়ে দিয়েছে, স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তাকে দলে আনার কোনো ইচ্ছে নেই তাঁদের