কুমিরের কান্না কেঁদেছেন গার্দিওলা?
ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁর ১০ বছরের সম্পর্ক চুকেবুকে গেছে সম্প্রতি। সিটি তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়নি। চোট ও সতীর্থদের ভালো ফর্ম—সবকিছু মিলিয়েই ক্লাবটিতে নিজের শেষ মৌসুমে নিয়মিত খেলতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। এখন নাম লিখিয়েছেন বার্সেলোনায়।
সিটির হয়ে শেষ লিগ ম্যাচ খেলার পর আগুয়েরোকে নিয়ে কথা বলেছিলেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। সিটি কিংবদন্তি হিসেবে এই আর্জেন্টাইনের অবদান স্মরণ করতে গিয়ে টিভির সামনে সেদিন কেঁদেও ফেলেছিলেন এই কাতালান কোচ। কিন্তু আগুয়েরোর বাবার মতে, ওসব লোক দেখানো।
দাভিদ ভিয়া, ইব্রাহিমোভিচ, রবার্ট লেফানডফস্কিদের মতো স্ট্রাইকারদের কোচিং করানো গার্দিওলা এর আগে কখনো কোনো স্ট্রাইকারের জন্য এভাবে কেঁদেছেন কি না, প্রশ্ন তোলা যেতেই পারে। আগুয়েরোর বিকল্প যে কোনোভাবেই এই বাজারে পাওয়া সম্ভব না, স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সেটাই বলছিলেন গার্দিওলা, ‘আমরা ওকে অনেক ভালোবাসি। আমাদের সবার জন্য ও বিশেষ একজন মানুষ। আমরা ওর বিকল্প পাব না। ও সব সময় নিজের জাত চিনিয়েছে এখানে।’
সিটির কোচ হিসেবে যখন এলেন, তখনো আগুয়েরোর কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন গার্দিওলা। সেসব কথা বলতে গিয়েই বারবার কণ্ঠ ধরে যাচ্ছিল তাঁর, ‘আগুয়েরো, দাভিদ সিলভার মতো খেলোয়াড় এই ক্লাবকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। মানুষ ও ফুটবলার—দুই ক্ষেত্রেই ও অনন্য।’
কিন্তু গার্দিওলার এই কান্নাকাটি আগুয়েরোর বাবা লিওনেল দেল কাস্তিয়োর কাছে মাছের মায়ের পুত্রশোক বলেই মনে হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, আগুয়েরো যদি সিটির জন্য এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে সিটি এই স্ট্রাইকারকে ছাড়ল কেন? গার্দিওলাকে বেশ কিছু কথা শুনিয়ে দিয়েছেন তিনি, ‘আমি গার্দিওলার চোখের পানিকে বিশ্বাস করি না। সে কখনো আমার ছেলেকে চায়নি। সে কখনো আগুয়েরোকে গুরুত্ব দেয়নি।’
লিওনেলের মতে, গার্দিওলা নিজেই দলের সবচেয়ে বড় তারকা হয়ে থাকতে চান, ‘গার্দিওলা একজন অসাধারণ কোচ, কিন্তু সে নিজেই সব সময় মূল নায়ক হয়ে থাকতে চায়। প্রথম দিন থেকেই সে একাদশে পরিবর্তন করতেই থাকে, করতেই থাকে। কেউ বোঝে না সে আসলেই দলের জন্য গুরুত্বপূর্ণ কি না। সে একবার বলে আগুয়েরোর বিকল্প নেই। কিন্তু এখন সেই আগুয়েরোই তাঁর স্কোয়াডে নেই।’
বার্সায় যাওয়ার পর আগুয়েরো হাঁপ ছেড়ে বেঁচেছেন বলে জানিয়েছেন তাঁর বাবা, ‘বার্সেলোনায় যাওয়ার পর আগুয়েরো অনেক খুশি। ও ১৫ বছর ধরে মেসির বন্ধু। ওদের মধ্যে সব সময় কথাবার্তা হয়। আশা করি মেসি বার্সাতেই থাকবে। তখন ওরা একসঙ্গে ক্লাবের হয়ে খেলতে পারবে।’