কুৎসিত বার্সা বাঁচল মেসি, গোলপোস্ট আর লাইন্সম্যানে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন খেললে মাথায় হাত তো উঠবেই! ছবি: এএফপি
এমন খেললে মাথায় হাত তো উঠবেই! ছবি: এএফপি

লুইস এনরিকেই বলছেন, এই বার্সেলোনা ‘জঘন্য’। কতটা জঘন্য? প্রথমার্ধে রিয়াল সোসিয়েদাদের গোলমুখে একটাও শট নেই! শট দূরের কথা, সোসিয়েদাদের বক্সের আ​শপাশে প্রথম আক্রমণটা সাজাতে ৪১ মিনিট লাগল। অন্য দিকে সোসিয়েদাদ আক্রমণের বন্যায় বার্সাকে প্রায় ভাসিয়েই নিচ্ছিল। প্রথম ২০ মিনিটেই ৫টি শট—টিভিতে এই পরিসংখ্যান দেখাতে না দেখাতেই ২১ মিনিটে আরও একটি আক্রমণ...এভাবে প্রতি মুহূর্তে বার্সাকে কাঁপিয়েছে সোসিয়েদাদ। ম্যাচটা এত একতরফা হয়েছে, ১-১ স্কোর এখনো অবিশ্বাস্য লাগছে।
বার্সেলোনা যে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারল, ​এনরিকে এটিকে বলছেন ‘মিরাকল’। ৫৩ মিনিটে উইলিয়ান হোসের গোলটা ৬ মিনিটের মধ্যেই শোধ করে দেন লিওনেল মেসি। পুরো ম্যাচে বার্সার একমাত্র উজ্জ্বল মুহূর্ত। তবে শুধু মেসি নয়, বার্সাকে বাঁচিয়ে দিয়েছে গোলপোস্ট। কার্লোস ভেলার দুটি শট একবার ক্রসবারে, অন্যবার পোস্টে লেগেছে। হুয়ানমির গোলটা লাইন্সম্যানের মারাত্মক ভুলে বাতিল হওয়াতেই সোসিয়েদাদের মাঠে টানা পঞ্চম হার থেকে বেঁচেছে বার্সা। তবে এ মাঠে ৯ বছর ধরে না-জেতার রেকর্ডটা অক্ষুণ্ন রেখেই ফিরল—এটাই এনরিকের দলের একমাত্র ‘সফলতা’।
এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান থাকল ৬। পরের শনিবার ন্যু ক্যাম্পেই কি লিগের ভাগ্য নির্ধারণ হতে যাবে? রিয়ালও অবশ্য খুব ভালো খেলছে না। ম্যাচটা জিতলে আবারও ব্যবধান তিনে নেমে আসবে, এটাই বার্সার আশা।
সব মিলিয়ে ১৭টি শট নিয়েছে সোসিয়েদাদ, ৬টিই গোলমুখে। বার্সা পুরো ম্যাচে দুটি, কোনোটাই প্রথমার্ধে নয়। ​এই প্রথম মৌসুমে প্রতিপক্ষের গোলমুখে প্রথমার্ধে শট নিতে পারল না বার্সা। এই প্রথম কোনো ম্যাচে তাদের বলের দখল (৪৮ শতাংশ) প্রতিপক্ষের চেয়ে কমও থাকল। অথচ বার্সা ৭০ শতাংশ বল দখল রেখে অভ্যস্ত। মাঝমাঠে বার্সাকে খুঁজেই পাওয়া যায়নি। এ কারণে বারবার আক্রমণের তোড়ে বার্সার রক্ষণও ভেসে যেতে বসেছিল।
সত্যি বলতে কি, দুই ডিফেন্ডার পিকে ও আলবা যে ম্যাচের মাঝপথে উঠে যাব যাব করে পুরো ম্যাচ খেলে গেলেন, এখন তো মনে হচ্ছে, যেন তারা পালিয়ে বাঁচতেই চেয়েছিলেন!
বার্সা যতটা খারাপ খেলল, ততগুণ বেশি ভালো খেলল সোসিয়েদাদ। এনরিকে বলতে বাধ্য হলেন, ‘কেউ যদি হঠাৎ​ এই ম্যাচ দেখত, মনে করত, সোসিয়েদাদের জার্সিতে বার্সা খেলছে আর বার্সার জার্সিতে অন্য কেউ।’ আর পিকে বলে দিলেন সত্যি কথাটা, ‘এভাবে যদি আমরা খেলি, কখনোই লিগ জিতব না।’