কৃষ্ণাদের জন্য আরও পুরস্কার
অনুষ্ঠান শেষে ‘ওয়ার্ম ফেলিসিটেশন’ লেখা প্যানারোমা বোর্ডটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল। কে কার আগে ছবি তুলতে পারে, এই নিয়ে খানিকক্ষণ চলল প্রতিযোগিতা। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের গ্রুপ চ্যাম্পিয়ন মেয়েদের উষ্ণ সংবর্ধনা চলছেই। পরশু রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সানজিদা-কৃষ্ণাদের সংবর্ধনা দিয়েছে বাফুফে, প্রত্যেক ফুটবলার পেয়েছে দেড় লাখ করে টাকা। কাল বাফুফে ভবনে তাদের আরেক দফা সংবর্ধনা দিয়েছে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান ওয়ালটন। পাশাপাশি দলের ২৩ ফুটবলার ও তিন কোচের হাতে তুলে দেওয়া হয়েছে ২০ হাজার করে টাকা। সব মিলিয়ে পুরো দল পেয়েছে ৫ লাখ ২০ হাজার টাকা। অসুস্থতার জন্য ফরোয়ার্ড আঁখি খাতুন অনুষ্ঠানে আসেনি। তার হয়ে পুরস্কারের টাকা নিয়েছে অধিনায়ক কৃষ্ণা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে চূড়ান্ত পর্বে ওঠা মেয়েদের সংবর্ধনা দিতে পেরে নিজেরাই গর্বিত বলে জানালেন ওয়ালটন গ্রুপের অন্যতম পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার, ‘এই বীর মেয়েদের সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে মেয়েরা আরও ভালো করবে সেই প্রত্যাশা আমাদের।’ অনুষ্ঠানে আরও একটি আগাম ঘোষণা দিলেন তিনি, ‘বাংলাদেশ যদি বিশ্বকাপে উঠতে পারে, তাহলে দলের প্রত্যেক মেয়েকে একটি করে রেফ্রিজারেটর ও এলইডি টেলিভিশন উপহার দেব।’
এভাবে অর্থ পুরস্কার ও প্রতিশ্রুতি পেয়ে আরও অনুপ্রাণিতই হচ্ছে তাসলিমা, সানজিদা, মৌসুমীরা। এদের হয়ে অধিনায়ক কৃষ্ণা বলল, ‘আজ ও গতকাল যাঁরা আমাদের সংবর্ধনা দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাই। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ও অনেক দায়িত্ব। আমরা এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছি। আশা করি, সবার প্রত্যাশা পূরণ করতে পারব।’