কৃষ্ণাদের প্রতিপক্ষ যারা
আগামী বছর থাইল্যান্ডে যখন বাংলাদেশের পতাকা নিয়ে যাবে কৃষ্ণারা, সেখানে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হবে কারা, বলুন তো? উত্তরটা যদি হয় উত্তর কোরিয়া, আপনার ভুরু একটু কুঁচকে যেতেই পারে। তবে সত্যি এটাই, কারণ উত্তর কোরিয়াই অনূর্ধ্ব-১৬ এএফসি মহিলা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। আর সঙ্গে চীন, জাপান, অস্ট্রেলিয়ার মতো মেয়েদের ফুটবলের ঐতিহ্যবাহী পরাশক্তিরা তো আছেই। দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডও মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে সমীহ জাগানো শক্তি। চূড়ান্ত পর্বে চমক বলতে বাংলাদেশ ছাড়া শুধু লাওসই।
এশিয়ার মেয়েদের ফুটবলে মানচিত্রে উত্তর কোরিয়া এমনিতেই অনেকটুকু জায়গা দখল করে আছে। বড়দের এএফসি কাপে চীনের (৮টি) পর সবচেয়ে বেশি শিরোপাও তাদের (৩টি)। বয়সভিত্তিক ফুটবলেও সেই দাপটের প্রতিফলন। তবে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে সফলতম দল অবশ্য জাপান, তিনবার শিরোপা জিতেছে তারা। মেয়েদের বিশ্বকাপ জিতেছে যে দেশ, তাদের এমন সাফল্য অবশ্য অবাক করার মতো কিছু নয়। দুবার জিতে ঠিক এরপরই আছে উত্তর কোরিয়া। প্রতিবেশী দক্ষিণ কোরিয়াও একবার পেয়েছে শিরোপার স্বাদ। ২০০৫ সাল থেকে শুরু দ্বিবার্ষিক এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছে শুধু এই তিনটি দলই।
অনুমিতভাবে এই তিনটি দলই আছে আগামী বছরের চূড়ান্ত পর্বেও। যাতে বাংলাদেশ ছাড়া শুধু লাওসই নতুন। সব দেশকে অবশ্য বাংলাদেশ ও লাওসের মতো বাছাইপর্বের বাধা পার হয়ে আসতে হয়নি। চারটি দেশ সরাসরি চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। গত বছর সর্বশেষ টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট উত্তর কোরিয়া, চীন, জাপান ও থাইল্যান্ড উঠে গেছে সরাসরি। বাছাইপর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। লাওসই একমাত্র ব্যতিক্রম, নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়েও যারা উঠে গেছে চূড়ান্ত পর্বে। যাতে খানিকটা ‘অবদান’ আছে থাইল্যান্ডের। সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও প্রস্তুতির জন্য থাইল্যান্ড বাছাইপর্ব খেলেছে। চ্যাম্পিয়নও হয়েছে গ্রুপে, তবে আগের কথামতো দুই নম্বরে থেকেও উঠে গেছে লাওস।
বয়সভিত্তিক মেয়েদের ফুটবলে গোল বোধ হয় একটু বেশিই হয়। শুধু কৃষ্ণারা নয়, গোলবন্যা বইয়ে দিয়েছে বাছাইপর্বে পেরিয়ে আসা অন্য দেশগুলোও। বাংলাদেশ পাঁচ ম্যাচে ২৬ গোল দিয়েছে, দক্ষিণ কোরিয়া চার ম্যাচে দিয়েছে ৩৮ গোল। আর অস্ট্রেলিয়ার সংখ্যাটা তো মোটামুটি অবিশ্বাস্য, পাঁচ ম্যাচে ৬৫টি! ম্যাচপ্রতি ১৩টি! লাওসই চার ম্যাচে ২৩ গোল দিয়ে কিছুটা ‘পিছিয়ে’ আছে।
চূড়ান্ত পর্বে ফলাফল যা-ই হোক, সেটি খেলা নিশ্চিত করেই ইতিহাস একটা গড়ে ফেলেছে বাংলাদেশের কিশোরীরা। এশিয়ার সেরা আট দলের মধ্যে জায়গা পাওয়া কি মুখের কথা নাকি!
চূড়ান্ত পর্বে যারা
উত্তর কোরিয়া জাপান
চীন
থাইল্যান্ড
দক্ষিণ কোরিয়া
বাংলাদেশ
অস্ট্রেলিয়া
লাওস