কৃষ্ণাদের যা বললেন সালাউদ্দিন
ছেলেদের ফুটবল নিয়ে মহাবিপাকে পড়েছেন কাজী সালাউদ্দিন। একের পর এক ছেলেদের বাজে ফল বাফুফে সভাপতির কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। তবে মেয়েরা তাঁর মুখ উজ্জ্বল করেছে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে। আগের দিন সংবাদ সম্মেলন করে এই মেয়েদের নিয়ে আগামী এক বছরের পরিকল্পনা জানিয়েছেন সালাউদ্দিন। বাকি ছিল মেয়েদের সঙ্গে আলাদা করে বসা। কাল বাফুফে ভবনে সেটাও করলেন। আর মেয়েদের সঙ্গে সালাউদ্দিনের বসা মানেই তো প্রেরণাদায়ী কথাবার্তা।
মেয়েদের সাফল্যে সারা দেশের মানুষের মতোই উৎফুল্ল সালাউদ্দিন। বরং অন্যদের চেয়ে একটু বেশিই। কারণ এই মেয়েদের তুলে আনতে বড় ভূমিকা রেখেছেন তিনিই। তবে কাল বাফুফে সভাপতি হিসেবে যতটা না কথা বলেছেন, তার চেয়ে বেশি বলেছেন একজন সাবেক ফুটবলার হিসেবে।
নিজে ফুটবলার ছিলেন বলেই মেয়েদের বাহবা দিয়ে মনে করিয়ে দিলেন চিরন্তন সত্যটা, ‘তোমরা ভালো করেছ, সবার আদর পাচ্ছ এখন। তোমাদের অভিনন্দন। কিন্তু খারাপ করবে যখন, তখন আর কেউ পাশে থাকবে না। ছুড়ে ফেলে দেবে।’ সেটা যাতে না হয়, সে জন্য বাতলে দিলেন উপায়ও, ‘তোমাদের বেশি বেশি অনুশীলন করতে হবে। এর বিকল্প নেই। একমাত্র অনুশীলনই একজন ফুটবলারকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারে।’
দিলেন উদাহরণও। ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ টেনে মেয়েদের উজ্জীবিত করতে চাইলেন, ‘দলীয় অনুশীলন শেষেও রোনালদো একা একা অনুশীলন করেন। অবসরেও দেখা যায়, তাঁর পায়ে একটা বল।’ মেয়েদের আরও বলেছেন, এখনই নিজেদের তারকা না ভাবতে, ‘আমি ১৩ বছর খেলে তারকা হয়েছি। এক দিন খেলেই তারকা হওয়া যায় না। পরিশ্রম করে যেতে হবে।’
শুধু উপদেশ নয়, মেয়েদের কী কী প্রয়োজন জানতে চান সেটাও। তবে লাজুক মেয়েরা সালাউদ্দিনের সামনে বসে কথাই বলতে পারছিল না। তবু দু-একজন মাইক্রোফোন নিয়ে বেশি বেশি জার্সি আর বুট চেয়েছে। কিন্তু এসব আবশ্যকীয় প্রয়োজন ছাপিয়ে আলোচনায় এখন ২০১৭ সেপ্টেম্বরের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বের আগে অনুশীলন ম্যাচ খেলা। বাংলাদেশ দল চীন, জাপান, কোরিয়াসহ যাদের সঙ্গে খেলবে চূড়ান্ত পর্বে, সেই দলগুলোর ম্যাচ ভিডিও দেখতে ডাইনিংয়ে বড় পর্দা লাগিয়ে দেওয়ার কথাও বলেছেন বাফুফে সভাপতি। একই সঙ্গে ডাইনিংয়ে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বসানোসহ সবই করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর বলেছেন, শুধু এক দিন নয়, এখন থেকে প্রতি মাসে একবার করে মেয়েদের সঙ্গে বসবেন।
পরে সালাউদ্দিনের সঙ্গে সাংবাদিকদের আড্ডায়ও উঠল মেয়েদের কথা। কথা উঠল, ছেলেরা বাজে ফল করেও বছরের ৪০-৫০ লাখ টাকা করে পাচ্ছে। অথচ সাফল্য দিয়েও মেয়েরা কিছুই পাচ্ছে না। মেয়েদের কি তাহলে লিগে খেলতে দেওয়া উচিত নয়? সালাউদ্দিনও লিগে খেলার বিপক্ষে নন। তবে কৃষ্ণা-সানজিদাদের তিনি এখনই লিগে খেলতে দেবেন না, ‘আগামী এক বছর এই মেয়েদের ফেডারেশনের অধীনে অনুশীলনে রেখে যে ফল আসবে, লিগে খেললে তা আসবে না। আমি চাই না ওরা এখন লিগে খেলুক।’