কৃষ্ণার চোখে দূরের স্বপ্ন

টাঙ্গাইলের বাড়িতে রান্নাবান্না, ঘর-গৃহস্থালি ফেলে সন্ধ্যায় যখন টেলিভিশনের সামনে বসেন নমিতা রানী সরকার, অমনি শুরু হয় লোডশেডিং! মেয়ে কৃষ্ণা রানী সরকারের খেলা একদমই দেখতে পারেন না মা।
কয়েক দিন ধরে দুর্দান্ত খেলে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক। দুর্ভাগ্য, ইরানের সঙ্গে গোল করতে পারেনি। কিন্তু সিঙ্গাপুরের সঙ্গে ৫ গোলের দুটিই তার। পরশু কিরগিজস্তানকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে করেছে হ্যাটট্রিক।
কৃষ্ণা যেন সিনেমার চরিত্র জেসমিন্দর ভার্মা। বেন্ড ইট লাইক বেকহাম সিনেমায় পশ্চিম লন্ডনের পাঞ্জাবি শিখ পরিবারের মেয়েটি পার্কে গিয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলত। গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামের কিশোরীও তা-ই। কৃষক বাবা বাসুদেব সরকার কাল স্মৃতি হাতড়ে বলছিলেন, ‘ও ছেলেদের সঙ্গে সারাক্ষণ ফুটবল খেলত। কাকাতো ভাই, স্কুলের বন্ধু—সবার সঙ্গে ফুটবল নিয়ে দিন কাটত ওর।’ ছেলেদের মতোই দুরন্ত ছিল মেয়েটি। মা এসব মানতে পারতেন না। একবার তাই মেয়ের হাত থেকে বল কেড়ে নিয়ে বঁটি দিয়ে কুচি কুচি করে কেটেছিলেন।
বঙ্গমাতা স্কুল ফুটবল দিয়ে শুরু। কৃষ্ণার খেলা প্রথমে নজর কাড়ে টাঙ্গাইলের কোচ গোলাম রায়হানের। তাকে নিয়ে নিজের স্কুল সূতী ভি এম পাইলট উচ্চবিদ্যালয়ে ভর্তি করে দেন। নিজের বাড়িতে দুই বছর রেখে ফুটবল শিখিয়েছেন গোলাম রায়হান।
কৃষ্ণার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অভিষেক ২০১২ সালে, শ্রীলঙ্কায় এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে। সেবার বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সেও উজ্জ্বল ছিল কৃষ্ণা। ইরানের সঙ্গে ১-৫ গোলে হারা ম্যাচে একমাত্র গোলটি ছিল তার। গত বছর একই প্রতিযোগিতায় নেপালে চ্যাম্পিয়ন হওয়া দলে খেলেছে কৃষ্ণা। এ বছর তাজিকিস্তানে বয়সের কারণে সুযোগ পায়নি।
পাকিস্তানে ২০১৪ মহিলা সাফে জাতীয় দলে অভিষেক কৃষ্ণার। আফগানিস্তানের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিক। শিলংয়ে গত এসএ গেমসে মালদ্বীপের সঙ্গে যখন গোল পাচ্ছিল না বাংলাদেশ, কৃষ্ণা ডান ও বাঁ পায়ে দর্শনীয় দুটি গোল করে। জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন মাঝেমধ্যে বিস্মিত হন কৃষ্ণার প্রতিভা দেখে। কাল অনুশীলনের পর কৃষ্ণার প্রসঙ্গ তুলতেই বললেন, ‘আমার মনে হয় ওর পায়ের কাজ আধ্যাত্মিক টাইপের! ওর গোল করার ক্ষমতা অনেক।’
জাতীয় দলের সাবেক কোচ জাপানের নরিও সুকিতাতে এ কারণেই নাকি ভীষণ পছন্দ করতেন কৃষ্ণাকে। নিজের খেলা নিয়ে কৃষ্ণাও উচ্ছ্বসিত। কিন্তু তা শুধুই মাঠে। ক্যাম্পে সেটির বহিঃপ্রকাশ নেই। দলের মধ্যে একটু রাশভারী বলেই পরিচিত। কাল বাফুফে ভবনের চারতলা থেকে সিঁড়ি ভেঙে অনুশীলনের টার্ফে যাওয়ার আগে শুধু একটা কথাই বলল, ‘নিজেকে নিয়ে ভাবছি না, পুরো দল নিয়েই ভাবছি। ৫ সেপ্টেম্বরের পর থামতে চাই।’ ৫ সেপ্টেম্বর কেন? বাছাইপর্বে ওই দিনই যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।
এর মানে, কৃষ্ণা সব সময়ই অনেক দূরের কথা ভাবে। বাংলাদেশ দলের সঙ্গে তাকে যে যেতে হবে বহুদূরে।