কৃষ্ণার বাবার 'অন্য রকম' আনন্দ

ক্রীড়া প্রতিবেদক ক্লান্ত মুখেও কোথায় যেন তৃপ্তির ছাপ। একগাল পান মুখে নিয়ে বাসুদেব সরকার বলছিলেন, ‘মাঠে বসে মেয়ের খেলা দেখলাম, এর চেয়ে আনন্দের আর কিছু নেই!’
মেয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের খেলা দেখতে টাঙ্গাইল থেকে কাল ঢাকায় ছুটে এসেছিলেন বাসুদেব সরকার। পরশু গভীর রাতে রওনা দিয়েও সকালে সময়মতো পৌঁছাতে পারেননি স্টেডিয়ামে। ঢাকার যানজটে পড়ে খেলা শুরুর ৪০ মিনিট পরে এসে ঢোকেন মাঠে। সারা রাত চোখে এক ফোঁটা ঘুম নেই। তবে নিদ্রাহীনতার ক্লান্তি যেন কেটে গেছে মেয়ের খেলা দেখে, ‘মেয়ে আমার এত সুন্দর ফুটবল খেলে! নিজের মেয়ে বলে বলছি না, খুবই গর্ব হচ্ছিল দেখে।’ অথচ এই মেয়েকেই কিনা ফুটবল খেলতে দিতেন না মা! কাল সেই প্রসঙ্গ তুলতেই বললেন, ‘ওর মা না চাইলেও আমি সমর্থন করতাম। একবার তো ওর মা বল কেড়ে নিয়ে বঁটি দিয়ে কেটেও ফেলেছিল।’
বাবাকে খেলা দেখাবে বলে কৃষ্ণা টিকিট জোগাড় করেছিল। কিন্তু শেষ পর্যন্ত নিজের পকেটের টাকায় টিকিট কিনেই মাঠে ঢুকতে হয় বাসুদেবকে, ‘আমার আসতে দেরি হয়ে গেছে। ততক্ষণে তো মেয়ে খেলতে নেমে গেছে। তাই টিকিট কিনলাম।’
ম্যাচ শেষে কৃষ্ণা ব্যস্ত ছিল সংবাদ সম্মেলনে। বাবা তাই মেয়ের সঙ্গে কথাও বলতে পারেননি। এই নিয়ে আক্ষেপ নেই বাসুদেবের, ‘এক দিন পরই তো মেয়ে বাড়ি যাচ্ছে। কত দিন ওকে সামনাসামনি দেখি না। তাই আজ চলে এসেছি।’