
টাঙ্গাইল থেকে ভোরে বাসে উঠেছিলেন। হোটেল সোনারগাঁওয়ের বলরুমে যখন বাবা বাসুদেব সরকারের হাত ধরে ঢুকলেন, ক্লান্ত লাগছিল কৃষ্ণা রানী সরকারকে। সেই মুখেই যেন চাঁদের হাসি ঝরল বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে।
সেই ২০০৪ সাল থেকে শুরু হয়েছে প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়া পুরস্কার। কিন্তু এর আগের ১২ বছরে তিনজন মাত্র ফুটবলার জিতেছেন প্রথম আলোর পুরস্কার। ২০০৫ সালে বর্ষসেরা রানারআপ মোহাম্মদ সুজন, ওই বছরই সেরা উদীয়মান পুরস্কার পান জাহিদ হাসান এমিলি। এরপর ২০১৪ সালের বর্ষসেরা রানারআপ মামুনুল ইসলাম। কৃষ্ণা যেন ফুটবলের প্রতীক হয়েই এবার জিতলেন পুরস্কার।
গত বছর ফেব্রুয়ারিতে এসএ গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে দুটি গোলই ছিল কৃষ্ণার। সেপ্টেম্বরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের আঞ্চলিক বাছাইপর্বে বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে বড় অবদান ছিল কৃষ্ণার। চার ম্যাচে করেন ১১ গোল। এখন জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় কৃষ্ণা।
এতসব অর্জনের স্বীকৃতিই কাল পেলেন কৃষ্ণা। এক লাখ টাকার চেক ও ট্রফিটা পেয়েই বাবার হাতে তুলে দিলেন। টাঙ্গাইলের প্রত্যন্ত গ্রাম গোপালপুরের দরজি বাসুদেব সরকারের চোখে তখন গর্বের জল, ‘আমি কখনোই ভাবতে পারিনি যে মেয়ে এমন বড় মঞ্চ থেকে এই পুরস্কার নেবে। ও যখন গ্রামে খেলত আমি বুঝতে পারতাম মেয়ে আমার একদিন অনেক দূর যাবে। বাবা হয়ে মেয়েকে এই পুরস্কার নিতে দেখলাম, এটা আমার গর্ব, অহংকার।’
ছোটবেলায় কাকাতো ভাইদের সঙ্গে সারাক্ষণ ফুটবল খেলতেন কৃষ্ণা। মা কতবার যে বল হাত থেকে কেড়ে নিয়ে বঁটি দিয়ে কুচি কুচি করেছেন! কাল পুরস্কার মঞ্চের পাশে দাঁড়িয়ে কৃষ্ণার বাবা সেই কথাই বলছিলেন, ‘ওর মা অনেকবার বলেছে মেয়ের খেলাধুলা ভালো লাগে না। একটা মেয়ে আমার। হাত-পা ভাঙলে বিয়ে দিতে পারব না। ওর মাকে আমি বুঝিয়েছি, মেয়েকে খেলতে দাও। ওর মতো থাকতে দাও। মেয়ে এখন সারা দেশের মুখ উজ্জ্বল করছে।’
এত দ্রুতই প্রথম আলোর পুরস্কার জিতবেন কৃষ্ণা নিজেও তা ভাবেননি। বিস্ময়ের ঘোর যেন কাটছিলই না তাঁর, ‘এটা আমার অনেক বড় পাওয়া। এত তাড়াতাড়ি এই পুরস্কার পাব, সেটা আমি নিজেও ভাবিনি। সেপ্টেম্বরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইপর্বে এই পুরস্কার আমাদের সবার জন্যই হবে বড় অনুপ্রেরণার।’