
‘জিতবই’ শব্দটা দূরে থাক, ‘জিততে চাই’ কথাটা বলতেও দ্বিধান্বিত ছিল বাংলাদেশ দল। কিন্তু ম্যাচের স্কোরলাইন বলছে

প্রতিপক্ষ এতটা সমীহ পাওয়ার মতো দল ছিল না। আফগানিস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের মেয়েরা বরং প্রমাণ করল নিজেদের সামর্থ্য। কাল দারুণ এই জয়টি এসেছে তৃতীয় মহিলা সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে।
ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে শুরুতেই অবশ্য খেয়ে বসেছিল গোল। ২৩ মিনিটে মারজান এগিয়ে নেন আফগানিস্তানকে। গোল করে যেন মৌচাকে ঢিল ছুড়েছিল আফগানরা, তারপর গুনে গুনে তাদের জালে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।
৩৪ মিনিটে অধিনায়ক সুইনু প্রু মারমা করেন ১-১। মিনিট দুয়েক পরই কৃষ্ণা রানীর গোলে এগিয়ে যাওয়া, ৪৭ মিনিটে আবারও কৃষ্ণার গোল, ৩-১। ৬৯ মিনিটে দলের পঞ্চম গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা। মাঝে ৬২ মিনিটে সাবিনা করেন চতুর্থ গোল, অতিরিক্ত সময়ে গোল উৎসবে ইতি টানেন মুনমুন। এমন হেসেখেলে পাওয়া জয়ে বেশ খুশি বাংলাদেশের প্রধান কোচ সুকিতাতে নোরিও।
তবে আগামীকালই দিতে হবে বড় পরীক্ষা। সামনে চ্যাম্পিয়ন ভারত। কাল মালদ্বীপকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ভারতীয় মেয়েরা টুর্নামেন্ট শুরু করেছে চ্যাম্পিয়নের মতোই।