
মাঠের লড়াইয়ে ইতিহাস গড়েছেন কৃষ্ণা রানী সরকাররা। সেটারই পুরস্কার আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আট দলের এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা পাওয়া। চীন, জাপান, কোরিয়ার মতো পরাশক্তির সঙ্গে ওই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে, এটা ভাবলেই রোমাঞ্চ অনুভব করছে দেশের ফুটবল মানস।
মেয়েদের ফুটবল দল সবাইকেই আসলে চমকে দিয়েছে। এবার এই মেয়েদেরই যে চমকে যাওয়ার পালা। অজপাড়াগাঁয়ের এই মেয়েরা একসময় বাড়ির বাইরে আসবে সেটাই ছিল ভাবনার বাইরে। আর এখন তাঁরা নানা দেশে যাচ্ছেন, নতুন পরিবেশে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন। উপলক্ষটা ওই এএফসি কাপের চূড়ান্ত পর্ব, সেটিরই প্রস্তুতি নিতে দেশের বাইরে অনুশীলন ম্যাচ খেলা হচ্ছে।
বাঙালির মনে দেশভ্রমণ বলতে যেমন চীন-জাপানের কথা চলে আসে আগে, আক্ষরিক অর্থে মেয়েদের ফুটবল দল চীন-জাপানই ভ্রমণ করছে। জাপানে সম্প্রতি প্রীতি ম্যাচ খেলে এসেছেন কৃষ্ণারা। গত রাতে চীনে গেলেন। মাঝখানে সিঙ্গাপুর যাওয়া হয়েছে একটা টুর্নামেন্টে খেলতে। সানজিদা, তহুরাদের জীবনে যেন বিরাট এক বদলের হাওয়া বইছে। চীন-জাপান যাওয়া...কবে কোনো দিন এটা তাঁরা ভেবেছেন!
চীনের এ সফরটা বাফুফের উদ্যোগে হচ্ছে। সহায়তা করছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিমানভাড়া দিয়ে যাওয়া। থাকা-খাওয়া স্থানীয়রা দেবে। স্থানীয় বলতে বাংলাদেশ দল যাচ্ছে সাংহাই প্রদেশে, আরও নির্দিষ্ট করে বললে জিয়াং জেলায়। ওখানেই চীনের অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে ২২, ২৪ ও ২৬ এপ্রিল তিনটি অনুশীলন ম্যাচ। ২৩ ও ২৫ এপ্রিল ম্যাচ হবে জিয়াং একাডেমি দলের সঙ্গে। অর্থাৎ পাঁচ দিনে টানা ৫টি ম্যাচ খেলে ২৭ মে ঢাকা ফিরবে বাংলাদেশ দল।
এ সফর নিয়ে বাংলাদেশ দলের মেয়েরা খুবই রোমাঞ্চিত। উদ্ধৃত হয়ে কথা বলতে চাননি কেউ, তবে তাঁদের মনের শিহরণটা ঠিকই বোঝা যায়। সফরে টানা অনুশীলন ম্যাচ, ঘোরাঘুরির এতটুকু সময় থাকবে না। তা নিয়ে অবশ্য কেউ আফসোস করেননি। জাপানের পর এবার চীনে যেতে পারছেন, সেটাই তাঁদের কাছে বড়। ম্যাচ অনুশীলনকেই প্রাধান্য দিচ্ছে সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক কৃষ্ণা রানী সরকার উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘সেপ্টেম্বরে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের জন্য চীন সফর হবে আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। আমরা এতটা ভাবতে পারিনি।’
এখানেই মনে হয় না রোমাঞ্চটা শেষ। চীন-জাপানের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তৃতীয় নামটি এসে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। সেই দক্ষিণ কোরিয়ায়ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের জন্য সফর আয়োজনে তৎপর বাফুফে। ওই সফরটা সম্ভবত জুনে হতে পারে। এরপর সেপ্টেম্বরে চূড়ান্ত পর্বের আগে আর সফর আয়োজনের পরিকল্পনা নেই বাফুফের।
চীনে কোচ-কর্মকর্তার বাইরে খেলোয়াড় গেছেন ২৪ জন। সঙ্গে বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি ও গোলরক্ষক কোচ রায়ান সেনফোর্ড। তাঁদের পাঠানো হচ্ছে সফর থেকে যাতে সেরাটাই পাওয়া যায়, সেটা নিশ্চিত করতে।