কে এই অ্যান্থনি?

বয়স মাত্রই ১৯। পেশাদার ফুটবলের বড় মঞ্চে ৭২ ম্যাচে গোল করেছেন ১১টি। নিজ দেশ ফ্রান্সের মূল দলে এখনো অভিষেক হয়নি। এমন একজনকেই কিনা দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেড ব্যয় করল প্রায় ৪৯ মিলিয়ন ইউরো, বোনাস মিলিয়ে যেটি হয়ে যেতে পারে প্রায় ৮০ মিলিয়ন! ‘টিনএজ’ খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েই ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে অ্যান্থনি মার্শালকে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকে সবার একটাই প্রশ্ন, ‘অ্যান্থনিটা আবার কে?’
অবশ্য তাঁদেরই বা দোষ কী! যাঁর সঙ্গে জুটি বাঁধবেন, সেই ওয়েইন রুনিই নাকি মার্শালকে চিনতেন না। ইউনাইটেড যে এই ফ্রেঞ্চ তরুণকে দলে নিতে আগ্রহী, সেটি মাত্র রোববারই জানতে পারেন রুনি। তখনই নিজের ভবিষ্যৎ আক্রমণ-সঙ্গীর ব্যাপারে জানতে দলেরই আরেক ফরাসি খেলোয়াড় মরগান স্নেইডারলিনের দ্বারস্থ হন।
পুরো দলবদলে একজন ফরোয়ার্ডেরই সন্ধানে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কখনো টমাস মুলার, কখনো গ্যারেথ বেল বা পেদ্রো—দুই মাসজুড়ে বড় বড় নাম জড়িয়েছিল ইংলিশ ক্লাবটির সঙ্গে। শেষ মুহূর্তে মার্শালেই সমাধান খুঁজে পেলেন কোচ লুই ফন গাল!
ফ্রেঞ্চ অনূর্ধ্ব-১৬ থেকে শুরু করে অনূর্ধ্ব-২১ প্রতিটি দলেই খেলেছেন। মূল শক্তি গতি আর টেকনিক। খেলার ধরনের কারণে তাঁর তুলনা হচ্ছে ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরির সঙ্গে। ফ্রেঞ্চ ক্লাব লিওঁতে কুঁড়ি হয়ে ফোটা, পাপড়ি মেলার শুরু মোনাকোতে। ইউনাইটেডে সব পাপড়ি মেলতে পারবেন মার্শাল? সময়ই বলবে।
তবে ইউনাইটেডের নতুন ‘৯ নম্বর’ নিজেও স্বীকার করে নিয়েছেন দামটা একটু ‘পাগলাটে’। এমনকি তাঁর পরিবারও নাকি কিছুটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল দাম শুনে! তবে বুধবার ফ্রান্সে সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি টাকার অঙ্ক নিয়ে ভাবছি না। দামের দিকটা দেখেছে দুই ক্লাব। আমি ফুটবল খেলতেই সেখানে যাচ্ছি।’ সহজভাবে নিচ্ছেন রুনির ‘অজ্ঞতা’কেও, ‘এটা খুবই স্বাভাবিক, রুনি আমাকে না-ই চিনতে পারেন। তাঁর পাশে থেকে আমার খেলার উন্নতি হবে।’ ইউনাইটেডে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা সুখবরও পেয়েছেন—পর্তুগাল ও সার্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের জন্য ফ্রান্স দলে ডাক পেয়েছেন ‘ভবিষ্যৎ থিয়েরি অঁরি’। ইএসপিএন, রয়টার্স।