কে এই বার্সার নতুন ব্রাজিলিয়ান তারকা আর্থার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্থারকে (ডানে) কিনেছে বার্সেলোনা। ছবি: এএফপি
ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্থারকে (ডানে) কিনেছে বার্সেলোনা। ছবি: এএফপি
>দুই বছর ধরে পর্যবেক্ষণ করার পর ব্রাজিলিয়ান তরুণ আর্থার মেলোকে কিনে নিয়েছে বার্সেলোনা। অনেকের মনেই প্রশ্ন, কে এই আর্থার?

কম বয়সী খেলোয়াড়দের দলে নিয়ে ঘষামাজা করে বিশ্বমানের হিসেবে তৈরি করা বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। নিজেদের একাডেমি লা মাসিয়ার ওপর সব সময়ই ভরসা ছিল কাতালান ক্লাবটির। বার্সেলোনার এই যুব একাডেমি থেকে উঠে আসা লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োলরা যার সবচেয়ে বড় উদাহরণ। তবে বার্সার একাডেমিতে আগের সেই জোয়ার নেই। এখন নিয়মিতই দলবদলের বাজারে সওদাপাতি করে বার্সেলোনা। এবার যেমন তারা কিনেছে ব্রাজিলের ২১ বছর বয়সী মিডফিল্ডার আর্থার মেলোকে।

ফুটবল বিশ্বে তেমন পরিচিত তিনি নন, হওয়ার কথাও নয়। কিন্তু ব্রাজিলে ভীষণ জনপ্রিয় আর্থার। বিশেষ করে নিজের সাবেক ক্লাব গ্রেমিওর প্রাণভোমরাই ছিলেন। একজন ব্রাজিলিয়ান ফুটবলারের প্রাকৃতিক যেসব ফুটবলীয় দক্ষতা থাকে, তার সবই রয়েছে আর্থারের, ব্রাজিলিয়ানরা তাঁর মধ্যে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার ছায়াও দেখতে পান। বার্সেলোনার ছোট ছোট পাসে খেলা গড়ার দর্শনের সঙ্গে বেশ মিলে যায় আর্থারের খেলার ধরন। এই বছর ব্রাজিলিয়ান লিগে ম্যাচপ্রতি গড়ে ১০২টি সফল পাস দিয়েছেন আর্থার। যার অনেকগুলোই ছিল প্রতিপক্ষের ডিফেন্স চেরা।

২০১৫ সালে মাত্র আঠারো বছর বয়সে গ্রেমিওর মূল দলে আর্থারকে সুযোগ দেন লুই ফেলিপে স্কলারি। প্রতিভার বিচ্ছুরণ তখন থেকেই ছড়াতে থাকেন আর্থার। মাত্র এক বছর তাঁর খেলা দেখেই বার্সেলোনা তাঁকে পর্যবেক্ষণ শুরু করে। ২ বছরের পর্যবেক্ষণ শেষে ৬ বছরের চুক্তিতে প্রায় ৪০০ কোটি টাকার (৪০ মিলিয়ন ইউরো) বিনিময়ে আর্থারকে কিনে নেয় বার্সেলোনা। তাঁর রিলিজ ক্লজ ৪৫১ মিলিয়ন ইউরো।

দলে আর্থারের অন্তর্ভুক্তি কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, সেটি মৌসুম ‍শুরুর আগে বোঝা যাবে না। বার্সেলোনা তাঁকে দলে নিয়েছে যে উদ্দেশ্যে, সেটিও সফল হবে কি না, এখনই বলা কঠিন। জাভির বিদায়ের পর তাঁর যোগ্য উত্তরসূরি এখনো খুঁজে পায়নি বার্সেলোনা। সামনের মৌসুম থেকে আন্দ্রেস ইনিয়েস্তাও থাকছেন না।

বার্সা অনেক টানাপোড়েন শেষে শীতকালীন দলবদলে ফিলিপে কুতিনহোকে কিনে আনে। দুর্দান্ত পারফর্ম করে কুতিনহো বুঝিয়ে দিয়েছেন, অপাত্রে টাকা ঢালেনি ক্লাবটি। এবার জাভির উত্তরসূরি হিসেবে আর্থারকেই দেখছে বার্সেলোনা। নিজের ব্রাজিলিয়ান তারকা সতীর্থর মতো বার্সেলোনার আস্থার প্রতিদান আর্থার দিতে পারবেন কি না, সময়ই বলে দেবে।