কে কোথায় এগিয়ে

একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, অন্যদিকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন চিলি। র্যাঙ্কিংয়ে জার্মানি তিনে, ঠিক পরের স্থানটিতেই আছে চিলি। চিলির যদি পুঁজি হয় সানচেজ-ভিদালদের অভিজ্ঞতা, জার্মানির হয়ে কথা বলবে ড্রাক্সলার-কিমিখদের তারুণ্য। কিন্তু শেষ পর্যন্ত জিতবে একটা দলই। মাঠের লড়াইয়ে ছোটখাটো কিছু পার্থক্যই হয়তো গড়ে দেবে ব্যবধান। কোথায় হতে পারে পার্থক্যটা?
চিলি৫২: ৪৮ জার্মানি
গোলকিপিং
ক্লদিও ব্রাভো ব্রাভো বললে এখন চোখে ভাসবে পর্তুগালের বিপক্ষে সেমিফাইনালের ওই বীরত্বগাথা। টাইব্রেকারে তিন শটের তিনটিই ঠেকিয়ে দেওয়া। ম্যাচেও রোনালদো, আন্দ্রে সিলভাদের তিনটি শট ঠেকিয়ে দিয়েছেন।
টের স্টেগেন অবশ্য টুর্নামেন্টে জার্মানির প্রথম পছন্দ ছিলেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বার্নড লেনোর দুটি মারাত্মক ভুলের পরই সুযোগ পান দলে, এরপর জায়গাটাকে পাকা করে নিয়েছেন। সেমিফাইনালে মেক্সিকোর বিপক্ষে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন।
চিলি৬০: ৪০ জার্মানি
রক্ষণ
টুর্নামেন্টে চার ম্যাচের দুটিতে বল ঢুকেছে চিলির জালে (২ গোল), জার্মানি গোল খেয়েছে চার ম্যাচের প্রতিটিতেই (৫ গোল)। গ্যারি মেডেল ও গঞ্জালো হারার সেন্টার ব্যাক জুটি, আর দুই পাশে দুই ফুলব্যাক জাঁ বোশেজোঁ ও মরিসিও ইসলা। চারজনই অভিজ্ঞ। সেমিফাইনালে রোনালদোর পর্তুগালকে শট নেওয়ার মতো তেমন জায়গাই দেয়নি চিলির রক্ষণ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর থেকেই জার্মানি খেলছে তিন ডিফেন্ডার নিয়ে (৩-৪-২-১ বা ৩-৪-১-২ ছকে)। এর মধ্যে অনেক খেলোয়াড় অদল-বদলও করেছেন লো। বোয়াটেং-হামেলসদের মতো শারীরিকভাবে প্রভাব বিস্তার করার মতো কেউ হয়তো নেই, তবে এই জার্মানির প্রত্যেক ডিফেন্ডারই বল পায়ে দক্ষ, মানিয়ে নিতে পারেন যেকোনো পজিশনেই।
চিলি৫৫: ৪৫ জার্মানি
মাঝমাঠ
ম্যাচে যদি টেকনিকের চেয়ে শারীরিক দক্ষতার পরীক্ষা বেশি হয়, এগিয়ে থাকবে চিলি। আর্তুরো ভিদালই মাঝমাঠের প্রাণ। বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের পাসিং দুর্দান্ত আর অফুরন্ত প্রাণশক্তি তো আছেই। পর্তুগালের বিপক্ষে ১২০ মিনিটজুড়েই কখনো রাইট উইংয়ে, কখনো একেবারে রক্ষণে নেমে এসে চিলির মাঝমাঠ পরিচালনা করেন। তাঁকে সঙ্গে দিতে চার্লস আরাঙ্গিজ, মার্সেলো দিয়াজ, পাবলো হার্নান্দেজরা আছেন। শারীরিক শক্তিতে এঁদের বিপক্ষে দাপট দেখানো বিশ্বের বাঘা বাঘা দলগুলোর জন্যও কষ্টকর।
জার্মানি এগিয়ে থাকবে টেকনিক্যাল দক্ষতায়। লিওন গোরেৎস্কা, ইউলিয়ান ড্রাক্সলাররা আছেন না! আর এই ম্যাচে ফিরতে পারেন ‘জার্মান ট্যাংক’ এমরে চ্যানও, শারীরিক শক্তিতে তাই কিছুটা টক্কর তো দিতেই পারে তরুণ জার্মানরা।
চিলি৪০: ৬০ জার্মানি
আক্রমণ
জার্মানি ৪ ম্যাচে করেছে ১১ গোল, চিলি মাত্র ৪টি। এটিও প্রায় নিশ্চিত, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জার্মানিরই কেউ হচ্ছেন। তালিকার সেরা চারের তিনজনই জার্মান (অন্যজন রোনালদো, টুর্নামেন্ট শেষ করে যিনি বাড়ি ফিরে গেছেন)।
অ্যালেক্সিস সানচেজ নিজের দিনে যেকোনো রক্ষণকেই ঘোল খাইয়ে ছাড়তে পারেন। তবে চিলির দুর্ভাগ্য, কনফেডারেশনস কাপে তেমন দিন এখনো দেখা যায়নি। মেক্সিকোর বিপক্ষে সেমিফাইনালের পারফরম্যান্স বলে, আর যা-ই হোক, গোল নিয়ে ভাবতে হবে না জার্মানিকে। লারস স্টিন্ডল প্রথম দুই ম্যাচেই গোল পেয়েছেন, তাঁর জায়গায় একটু-আধটু সুযোগ পেয়েই টিমো ভের্নার হয়ে গেছেন সর্বোচ্চ গোলদাতা। ড্রাক্সলার আছেন, গোরেৎস্কাও মিডফিল্ড থেকে গোল করে যাচ্ছেন।
চিলি৪০: ৬০ জার্মানি
কোচ
জোয়াকিম লো বিশ্বের সেরা কোচদেরই একজন। বছর তিনেক আগেই জার্মানিকে বিশ্বকাপ এনে দিয়েছেন। যদিও সব সময় তারকাখচিত দল পান বলে তাঁর কোচিং দক্ষতা নিয়ে অনেকের এখনো সংশয় আছে। সেক্ষেত্রে লোর জবাব হতে পারে এই কনফেডারেশনস কাপ। অন্যদিকে হোর্হে সাম্পাওলির শূন্যস্থান পূরণ করতে চিলির ডাগআউটে এসে খুব খারাপ করছেন না পিজ্জি, গত বছর কোপা আমেরিকা জিতিয়েছেন। ঠিক সাম্পাওলির মতো বড় মাপের ট্যাকটিশিয়ান হয়তো নন, তবে সাম্পাওলির ধরনটাই ধরে রেখেছেন।