কে থামাবে রিয়ালকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্‌যাপন। পরশু আলমেরিয়ার বিপক্ষে l এএফপি
ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্‌যাপন। পরশু আলমেরিয়ার বিপক্ষে l এএফপি

প্রশ্ন হতে পারে, রিয়াল মাদ্রিদকে থামাবে কে? বা একটু ঘুরিয়ে এভাবেও প্রশ্ন করা যায়, রিয়াল মাদ্রিদকে আদৌ কেউ থামাতে পারবে? টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্প্যানিশ রেকর্ড আগেই হয়ে গিয়েছিল, পরশু আলমেরিয়ার সঙ্গে ৪-১ গোলের জয়ে সেটাকে ২০-এ নিয়ে তুলল রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল তো এখন একরকম নৈমিত্তিক হয়ে গেছে, বরং হ্যাটট্রিক যে পাননি, সেটিতেই খানিকটা বিস্মিত হতে পারেন।
স্কোরলাইন অবশ্য যেমন বলছে, ম্যাচটা মোটেই তেমন একতরফা ছিল না। উল্টো রিয়ালের জয়রথটা থামিয়েই দিতে পারত আলমেরিয়া। ৬০ মিনিটে পেনাল্টি থেকে ২-২ করার সুবর্ণ একটা সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। কিন্তু ভেরজার পেনাল্টিটা দারুণভাবে ঠেকিয়ে দেন ইকার ক্যাসিয়াস। ২০১১ সালের পর লা লিগায় এই প্রথম কোনো পেনাল্টি ঠেকালেন ‘সন্ত’ ইকার। আলমেরিয়ার এই ব্যর্থতার শাস্তি ভালোমতোই দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, পরে ২ গোল করে নিশ্চিত করেছেন জয়। লিগে ১৪ ম্যাচে রোনালদোর গোল এখন ২৫!
তবে তার আগে ভেরজাই কিন্তু ম্যাচে ফিরিয়েছিলেন আলমেরিয়াকে। ৩৪ মিনিটে ইসকোর দারুণ এক গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। পাঁচ মিনিট পর তার চেয়েও দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান ভেরজা। তবে তিন মিনিট পরই আবার এগিয়ে যায় রিয়াল, এবার গ্যারেথ বেলের হেডে।
তবে ভেরজা ওই পেনাল্টি থেকে গোল করে ফেললে ফলটা অন্য রকম হতে পারত। ম্যাচ শেষে ক্যাসিয়াস তো স্বীকারই করেছেন, ‘২-১ এগিয়ে থাকার সময় একটা গোল খেলে ম্যাচটা অন্য রকম হতে পারত। কিন্তু এরপর আমরা গা-ঝাড়া দিয়ে উঠেছি। আমি তো বলছি আজ প্রথমার্ধে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি, ভাগ্যও আমাদের পক্ষে ছিল। আলমেরিয়াই কি আমাদের সবচেয়ে বেশি ঘাম ঝরিয়ে ছেড়েছে? হতেও পারে।’
কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর, ‘আলমেরিয়া ভালোই লড়াই করেছে, বল নিজেদের কাছে রাখতে আমাদের সমস্যাই হয়েছিল। ম্যাচের শেষ দিকেই শুধু আমরা খেলাটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, গোল পেয়ে ম্যাচটা ভালোমতো শেষও করেছি।’
এই বছরে লা লিগায় রিয়ালের শেষ ম্যাচ ছিল এটি। দলটি এর পরই মরক্কোয় খেলতে যাবে বিশ্ব ক্লাব কাপ। তাই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সুযোগ ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বছরটা শেষ করার। কিন্তু কাল গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করে সুযোগটা হারিয়েছে বার্সা। ১৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৫, রিয়ালের ৩৯। ২০ ডিসেম্বর বছরে নিজেদের শেষ ম্যাচে কর্দোবার বিপক্ষে খেলবে বার্সেলোনা। এএফপি।

.
.