কে বলে মেসি হেড পারেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালে অবিশ্বাস্য এক লাফে ইউনাইটেড রক্ষণকে স্তব্ধ করে দিয়েছিলেন মেসি। ফাইল ছবি
২০০৯ সালে অবিশ্বাস্য এক লাফে ইউনাইটেড রক্ষণকে স্তব্ধ করে দিয়েছিলেন মেসি। ফাইল ছবি

জনপ্রিয় ভিডিও গেম ফিফা কিংবা প্রো ইভল্যুশন সকারে লিওনেল মেসির রেটিং এখন সবাই জানেন। চার-পাঁচ বছর ধরেই সেটা ৯৩ থেকে ৯৫-এর মধ্যে ঘোরাঘুরি করছে। ভক্তদের দাবি মানলে অবশ্য সেটা প্রতিবছরই ১০০ ছোঁয়া উচিত। তা মেসিকে ১০০-তে ১০০ দেওয়াই যেত, কিন্তু এক জায়গায় মেসি নিজেই যে নিজেকে নম্বর দেবেন কম! ফুটবল-মস্তিষ্ক তাঁর প্রায় অবিশ্বাস্য হলেও মাথাটা আবার দুর্বল জায়গা। নিজের ডান পায়ের শটের চেয়ে বেশি দুর্বলতা মেসির হেড। মাঠে মাথা ছুঁয়ে গোল করাতে যে বড্ড আপত্তি মেসির! 

মধুচন্দ্রিমায় ব্যস্ত মেসির নিন্দা করার জন্য এই লেখা নয়। বরং সেই সূত্র ধরেই মেসির হেড নিয়ে নতুন করে আলোচনার শুরু। মধুচন্দ্রিমায় বন্ধু লুইস সুয়ারেজও গিয়ে হাজির হয়েছেন। তা কাবাবের মধ্যে সুয়ারেজকে যে হাড্ডি হিসেবে তিনি দেখছেন না, মেসির উষ্ণ অভ্যর্থনা তা-ই বলে দিচ্ছে। বাথটাবে বরং মেসির আনন্দসময় সময় কাটছে সুয়ারেজের সঙ্গেই।
না অন্যভাবে নেবেন না। ফেসবুক আর ইনস্টাগ্রামে মেসি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা যায়, গোসল করতে নেমে বন্ধু সুয়ারেজের পুলে হেডের প্রতিযোগিতায় নেমেছিলেন মেসি। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে কিন্তু সুয়ারেজের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন মেসি।
শুধু পাল্লা দিয়েছেন বললে ভুল হবে, পাল্টাপাল্টি হেডে ১৮টি হেড দিয়ে মেসি সুয়ারেজকে হারিয়ে দিয়েছেন। দুজন মিলে টানা ৩৬টি হেড দিয়েছেন, তারপরই বল ছিটকে পড়েছে বাথটাবের বাইরে। শেষ হেডারটা সুয়ারেজের মাথা ছুঁয়ে বাইরে পড়েছে বলে খেলায় হার এই উরুগুইয়ানেরই। তবে মেসিকে একটু বিরক্ত দেখাল নিজের ওপর। সুয়ারেজের ব্যর্থতার পেছনে ছিল তাঁর ১৮ নম্বর হেডটি। সেটি নিখুঁত রিটার্ন হয়নি বলেই সুয়ারেজের পক্ষে সামলানো কঠিন হয়ে গিয়েছিল। না হলে দুজন টানা কতক্ষণ যে এভাবে হেডের পর হেড দিয়েই যেতেন কে জানে! তখন হয়তো আন্তোনেল্লা রোকুজ্জোকে ডেকে আনতে হতো বকুনি দিয়ে বাথটাব থেকে নিজের নতুন জামাইকে তুলে নিয়ে আসতে!
সচরাচর হেড করতে দেখা না গেলেও ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড থেকে মেসির সেই অবিশ্বাস্য গোল তাঁর ক্যারিয়ারের আইকনিক ছবিগুলোর একটি হয়ে থাকবে। তালগাছের মতো লম্বা ফন ডার সারকে ফাঁকি দিয়ে গোল করা মেসি যেন ক্ষণিকের জন্য মাধ্যাকর্ষণ শক্তিকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন।
তবে ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে হেডে ৮০টির বেশি গোল দিয়েছেন, সেখানে মাথা ছুঁয়ে এখনো ৩০ গোল করতে পারেননি বার্সেলোনা ফরোয়ার্ড। অবশ্য মেসির এই হেডের দুর্বলতার জবাবে ডিয়েগো ম্যারাডোনা একবার বলেছিলেন, ‌‌‌‌‌‌‘লিও কেবল বাঁ পায়ে যা করে দেখায়, বাকিরা তো বাম-ডান-হেড মিলেও পারে না।’

দেখে নিন মেসি ও সুয়ারেজের হেডের লড়াই...