কে বলেছে দেশে ফুটবলারের অভাব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী মাঠে খেলোয়াড় বাছাই পরীক্ষায় আসা কিছু ফুটবলার। ছবি প্রথম আলো
আবাহনী মাঠে খেলোয়াড় বাছাই পরীক্ষায় আসা কিছু ফুটবলার। ছবি প্রথম আলো
>
  • প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৮ ফুটবল টুর্নামেন্ট
  • প্রতিটি ক্লাবেই চলছে নতুন খেলোয়াড় বাছাই
  • ব্যাপক সারা পড়েছে তরুণদের মধ্যে
  • এই টুর্নামেন্ট নিয়মিত হলে লাভ হবে ফুটবলেরই

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কিশোর-তরুণ ফুটবল খেলোয়াড়ে আবাহনী লিমিটেডের মাঠটা যেন গমগম করছিল। আবাহনীর অনূর্ধ্ব ১৮ দলের খেলোয়াড় বাছাই পরীক্ষায় নাম লেখাতে এসেছে তারা। একটা ক্লাবের যুব দলের ট্রায়ালে এক সঙ্গে এত তরুণ! ফুটবলের এই অবস্থায় এমনটা সত্যিই আশাব্যঞ্জক। কে বলে বাংলাদেশের ফুটবলার হতে চাওয়া তরুণের অভাব?
২৫ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে মাঠে গড়াবে অনূর্ধ্ব ১৮ যুব ফুটবল টুর্নামেন্ট। সেই প্রতিযোগিতার জন্যই দল গঠন করছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ফেসবুক পেজে এই ট্রায়ালের কথা জেনেই আবাহনী ক্লাবে হাজির প্রায় ৪০০ তরুণ। মাগুরা, খুলনা, যশোর এমনকি সন্দ্বীপের মতো দুর্গম দ্বীপ থেকেও হাজির তরুণেরা। সবার চোখেই স্বপ্ন হতে হবে বড় ফুটবলার।
খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে থাকা সৈয়দ গোলাম জিলানী এত ফুটবলার দেখে অবাকই হয়েছেন, ‘ওপেন ট্রায়াল ডাকা হয়নি। সিনিয়র ফুটবলারদের বলা হয়েছিল এলাকায় খেলোয়াড় থাকলে যেন পাঠায়। এক কান দুই কান হয়ে কারা যেন ফেসবুকে প্রচার করেছিল ট্রায়ালের কথা। তাতেই হাজির প্রায় চার-পাঁচশ খেলোয়াড়। আমি তো নিজেই অবাক। আমাদের তো এ রকম প্রস্তুতিই ছিল না।’
বাংলাদেশের ফুটবলের বাজে অবস্থার জন্য সব সময়ই দায়ী করা হয় ভালো মানের ফুটবলারের অভাবকে। কথাটা যে সত্য নয়, সেটা আবাহনী ক্লাবের মাঠে গেলেই বোঝা যেত। আসল সত্যটা হচ্ছে সুযোগের অভাব। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবলাররা অঙ্কুরেই শেষ হয়ে যায়, নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ আর তাদের সামনে মেলে না। যুব ফুটবল টুর্নামেন্টের একটা সুযোগ এসেছে, তাতেই ঢল নেমেছে।

বসুন্ধরা কিংসের ট্রায়ালেও ঢল নেমেছে তরুণ ফুটবলারদের। ছবি: প্রথম আলো
বসুন্ধরা কিংসের ট্রায়ালেও ঢল নেমেছে তরুণ ফুটবলারদের। ছবি: প্রথম আলো

সাইফ স্পোর্টিং (তাদের একাডেমি আছে) ছাড়া প্রায় সব দলই ট্রায়ালের মাধ্যমে খেলোয়াড় বাছাই করেছে। পুরোনো ঢাকার রহমতগঞ্জের দুই দিন ব্যাপী খেলোয়াড় বাছাইয়ে এসেছিল প্রায় ৬০০ ফুটবলার। বিভিন্ন অঞ্চল থেকে আসা ফুটবলারদের আবাসনের ব্যবস্থা করা হয়েছিল ক্লাবেই।
সবচেয়ে বেশি সাড়া পড়েছে নবাগত বসুন্ধরা কিংসে। ক্লাবটির সভাপতি ইমরুল হাসানের দাবি অনুযায়ী অনলাইনে সাড়া দিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুটবলার রেজিস্ট্রেশন করেছিল। সেখান থেকে যাচাই বাছাই করে ঢাকায় ডাকা হয়েছে ১ হাজার ৫৩০ জনকে। গত ১১ দিন ধরে চলছে খেলোয়াড় বাছাই পরীক্ষা। যুব ফুটবল নিয়ে উন্মাদনাটা সত্যিই আশা জাগানিয়া।
সবশেষ ২০১৪ সালে অনূর্ধ্ব ১৮ ফুটবল টুর্নামেন্ট। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোই এতে অংশ নিয়েছিল। কিন্তু কয়েকটি ক্লাবের অনীহার কারণেই হিমাগারে চলে গিয়েছিল নতুন প্রজন্ম তৈরির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি। চার বছর পর শুভবুদ্ধির উদয় হয়েছে। এই টুর্নামেন্টটা নিয়মিত হলে কিন্তু আখেরে লাভ দেশের ফুটবলেরই।