
কনফেডারেশনস কাপ অনূর্ধ্ব-১২ ফুটবল ফেস্টিভ্যালে খেলতে রাশিয়ায় যাওয়ার অপেক্ষায় অস্ট্রেলিয়ান স্কুলের ড্যানিয়েল করিম, শহীদনগর হাইস্কুলের গোলাম রব্বানী ও হাজী ইব্রাহিম আলমচাঁদ হাইস্কুলের সামপুদ হাসান। এই তিন খুদে ফুটবলারকে কাল প্রাথমিকভাবে বাছাই করেছেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। তবে রাশিয়ায় তো যাবে মাত্র একজন। এই তিনজনের মধ্যে কে হবে সেই ভাগ্যবান, সেটি জানা যাবে আজ।
রাশিয়ায় যাওয়ার ক্ষেত্রে ফুটবল-প্রতিভাকে অবশ্যই মুখ্য হিসেবে বিবেচনা করেছে বাছাই কমিটি। তবে একই সঙ্গে ওই ফুটবলারের ইংরেজিতে কথা বলা ও লিখতে পারাও অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। এসব বিবেচনা করেই আজ চূড়ান্ত একজনের নাম ঘোষণা করবে বাফুফে।
আগামী ২৬ জুন-৩ জুলাই রাশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একজন খুদে ফুটবলারের সুযোগ মিলছে। সেই ফুটবলারকে যে স্ট্রাইকার হতে হবে, বলে দেওয়া হয়েছে সেটিও। সেই স্ট্রাইকারকে বেছে নেওয়া উপলক্ষেই কাল বাফুফে ভবনের পাশে বসেছিল খুদে ফুটবলারদের মেলা। রাশিয়া যাওয়ার স্বপ্ন চোখে নিয়ে এসেছিল প্রায় ২০০ ফুটবলার।