কে সেরা হ্যাজার্ড?

হ্যাজার্ড বললেই চেলসির ২৪ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের নামটাই মনে পড়বে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেরই বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন এডেন হ্যাজার্ড। তবে এই মৌসুমে আরেকজন হ্যাজার্ডকেও চিনে ফেলতে পারেন সবাই—থরগান হ্যাজার্ড। নামের দ্বিতীয়াংশের জন্য সম্পর্কসূত্রও খুঁজে পেতে পারেন। হ্যাঁ, থরগান এডেন হ্যাজার্ডের ছোট ভাই। এখনো বড় ভাইয়ের মতো বিখ্যাত হননি বটে, তবে এই মৌসুমে বিখ্যাত হয়ে ওঠার সুযোগটা পেয়ে যাচ্ছেন।
থরগান নিজেও খেলতেন চেলসিতে। ধারে গত মৌসুম খেলেছেন বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখে। গত মৌসুমে গ্লাডবাখ তৃতীয় হয়েছে, এবার তাই চ্যাম্পিয়নস লিগেও খেলবে। থরগানকে চেলসি থেকে পাকাপাকিভাবেই নিয়ে এসেছে জার্মান ক্লাবটি। ২২ বছর বয়সী মিডফিল্ডার আশায় আছেন, চ্যাম্পিয়নস লিগ তাঁকে দাঁড় করিয়ে দেবে বড় ভাইয়ের মুখোমুখি, ‘চেলসি চ্যাম্পিয়নস লিগে গ্লাডবাখের প্রতিপক্ষ হলে ভালোই হয়। আমি কখনো আমার ভাই এডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলিনি। আমাদের পরিবারের জন্য এটা হবে দারুণ ব্যাপার।’ একটু রসিকতাও করে নিলেন, ‘আসল হ্যাজার্ড কে সেটা তখনই দেখা যাবে!’
কথাটা মজা করেই বলা, তবে বিখ্যাত ভাইয়ের ছায়া থেকে বেরোতে থরগান তা চাইতেই পারেন! গোলডটকম।