কেইন গোল দিলেই পানীয়ের বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারি কেইন-জ্বরে ভুগছে পুরো ইংল্যান্ড। ছবি: রয়টার্স
হ্যারি কেইন-জ্বরে ভুগছে পুরো ইংল্যান্ড। ছবি: রয়টার্স
>ইংল্যান্ড শেষ ষোলোতে খেলছে, তার চেয়েও বড় বিষয়, হ্যারি কেইন আছেন দারুণ ফর্মে। তাই ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়ছে ইংল্যান্ডজুড়ে

২০০৬ সালের বিশ্বকাপের পর নকআউট পর্বে কোনো ম্যাচ জেতা হয়নি ইংল্যান্ডের। তবে এবার তাদের আছেন হ্যারি কেইন। ইংল্যান্ড আবার আশা বাঁধতে শুরু করেছে, তারা অনেক দূর যাবে। তাই ফুটবল উন্মাদনা ছড়িয়ে গেছে দেশজুড়ে। আর সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করল দেশটির একটি বার। কেইনের সম্মানে নিজেদের নাম বদলে ফেলেছে তারা।

গোল্ডেন ফ্লিস, লন্ডনের পরিচিত একটি বার। বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া লেগেছে তাদেরও। লাগবেই না বা কেন! তাদের দল ভালো খেলছে, অধিনায়ক খেলছেন দুর্দান্ত। বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে কেইন। আর ইংল্যান্ড-ভক্তদের এবার চাওয়া শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা যেন তাদের প্রিয় খেলোয়াড়টিই হন।

লন্ডনের বার গোল্ডেন ফ্লিস তাদের নাম বদলে রেখেছে গোল্ডেন বুট, কেইনের সম্মানে। ফাইল ছবি
লন্ডনের বার গোল্ডেন ফ্লিস তাদের নাম বদলে রেখেছে গোল্ডেন বুট, কেইনের সম্মানে। ফাইল ছবি

সেই চাওয়া থেকে হ্যারি কেইনের প্রতি সম্মান জানিয়ে লন্ডনের বারটি নিজেদের নামই বদলে ফেলেছে। নাম বদল করে নতুন নাম দিয়েছে গোল্ডেন বুট। শুধু তা-ই নয়, কেইন যদি গোল পান, ক্রেতাদের জন্য আছে সুখবর। আজ কলম্বিয়ার বিপক্ষে কেইন যতবার গোল করবেন, মুফতে পানীয় পাবেন সবাই। বোঝাই যাচ্ছে, তিউনিসিয়া আর পানামার বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের ফুটবল জ্বর কত ডিগ্রিতে পৌঁছেছে!

প্রতি বিশ্বকাপেই ভালো দল নিয়ে অংশগ্রহণ করলেও ব্যর্থতা সমার্থক শব্দ হয়ে গেছে ইউরোপের দলটির জন্য। তবে গত কয়েক বছর টটেনহামের পারফরম্যান্সে কেইনকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে ইংল্যান্ড। আর এখন পর্যন্ত যেভাবে খেলছেন তিনি, ভালো কিছু আশা করতেই পারে ইংল্যান্ড।