কেইনের জন্য ১৫ কোটির প্রস্তাব
হ্যারি কেইন কেন অনুশীলনে ফিরছেন না—এ নিয়ে কত রকমের কথাবার্তাই না হয়েছে এই কদিন। এমনও প্রশ্ন উঠেছে তাহলে সত্যিই কি টটেনহাম ছাড়ছেন ইংল্যান্ডের অধিনায়ক। অবশেষে সব গুঞ্জনে জল ঢেলে দিয়ে আজ টটেনহামের অনুশীলনে ফিরেছেন কেইন। ইংলিশ স্ট্রাইকার এবারের প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে আগামী পরশু ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবেন।
কেইনের অনুশীলনে না ফেরার বিষয়ে গত সোমববার কোচ নুনো এসপিরিতো সান্তোস একটা ব্যাখ্যা দিয়েছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে বাহামা গিয়েছিলেন কেইন। সেখান থেকে গত শনিবার ফিরেছেন তিনি। ফ্লোরিডা হয়ে ইংল্যান্ডে ফেরা কেইন এরপর কোয়ারেন্টিনে ছিলেন বলে জানিয়েছিলেন নুনো।
গতকাল কোয়ারেন্টিনের শেষ দিনে পঞ্চমবারের মতো তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে। সেই পরীক্ষায়ও নেগেটিভ আসার পর দলের সঙ্গে অনুশীলনের অনুমতি পেয়েছেন। এর আগে টটেনহামের ট্রেনিং কমপ্লেক্সে কোয়ারেন্টিনে থাকার সময় তিনি একা একা অনুশীলন করেছেন বলেও জানিয়েছেন কোচ নুনো।
কেইনের আসলে ছুটি কাটিয়ে টটেনহামের ট্রেনিং কমপ্লেক্সে ফেরার কথা ছিল ২ আগস্ট। কিন্তু তিনি ফিরেছেন ৫ দিন পর। এ নিয়ে শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা কেইনকে পেতে চাওয়ার কথা বলেছিলেন। এ কারণেই সংবাদমাধ্যমসহ ইংল্যান্ডের ফুটবল অনুসারীরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করে। তবে কেইন অনুশীলনে ফিরে বলেছেন, তাঁর দেরি করে টটেনহামের ট্রেনিং কমপ্লেক্সে ফেরার বিষয়টি ক্লাবের সবাই জানত।
কেইনের সঙ্গে টটেনহামের ছয় বছরের চুক্তির মাত্র তিন বছরই শেষ হয়েছে। এ ছাড়া দলটির চেয়ারম্যান ড্যানিয়েল লেভি স্পষ্ট করেই বলে দিয়েছেন, আগের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাকে বিক্রির কোনো ইচ্ছাই নেই তাঁর দলের। কিন্তু ম্যানচেস্টার সিটি এখনো আশা ছাড়ছে না। ম্যান সিটি কেইনের জন্য টটেনহামকে প্রথমে ১০ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব তারা ফিরিয়ে দিয়েছে।
সিটি অবশ্য এতে হাল ছাড়েনি। এর আগে জ্যাক গ্রিলিশকেও কিনে নেওয়া গার্দিওলা কেইনকে যেকোনো মূল্যে দলে পেতে চান। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর, কেইনের জন্য তাঁর দল ১৫ কোটি পাউন্ড খরচ করতেও রাজি। এখন টটেনহামের কাছ থেকে ইতিবাচক কোনো বার্তা পেলেই ১৫ কোটি পাউন্ডের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেবে ম্যান সিটি।