কেউই জিতল না দুই 'ঘরের' দলের ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাতে বাংলাদেশের ক্লাব তিনটি। ঢাকা আবাহনী, মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। অন্য বিদেশি দলের ভিড়ে এই তিনটি তো বলতে গেলে ‘ঘরের’ দলই। তাদের মধ্যেই দুটি দল মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী আজ মুখোমুখি হলো। কিন্তু তাতে জয়ের মুখ দেখল না কেউ। গোলশূন্য ড্র হলো ম্যাচ। 

একই গ্রুপে দিনের আগের ম্যাচে আফগানিস্তানের শাহীন আসমাই ৩-১ গোলে হারিয়েছে নেপালের মানাং মার্সিয়াংদিকে। আগের ম্যাচে এই শাহীন আসমাই ৩-১ গোলে হেরেছিল চট্টগ্রাম আবাহনীর কাছে। আর মানাং ২-০ গোলে হারিয়েছিল মোহামেডানকে। আজ দ্বিতীয় ম্যাচে তাই জয়টা বেশি দরকার ছিল মোহামেডানেরই। ড্র হওয়ায় সব শেষ হয়ে যায়নি। তবে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে সাদা কালোদের। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট যে মাত্র ১। চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৪। বিদেশি দুই দল - মানাং ও আসমাইর পয়েন্ট ৩।
গোলশূন্য হলেও ম্যাচ একেবারে ম্যাড়মেড়ে হয়নি। প্রথমার্ধে ফুটবলটা হলো মোটামুটি উপভোগ্য। খুব বেশি গতি ছিল না দুই দলের খেলায়, তবে গোলের সুযোগ আসছিল। বেশি সুযোগ তৈরি করছিল মোহামেডানই। তৌহিদুল ইসলাম সবুজ ও তাঁর সঙ্গীরা বেশ কয়েকবার শট নিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর পোস্টে। বিপরীতে চট্টগ্রাম আবাহনীর হয়ে যা খেলেছেন ধারে আসা অগাস্টিন ওয়ালসনই। বাঁ প্রান্ত দিয়ে গতি, স্কিল দিয়ে মোহামেডান রক্ষণে হানা দিচ্ছিলেন বারবার।
দ্বিতীয়ার্ধে আজ আরেকবার চোখে পড়ল চট্টগ্রাম আবাহনী কোচ সাইফুল বারী টিটুর কৌশলের মার। গত ম্যাচেও চট্টগ্রাম আবাহনীর জয়ের পেছনে তাঁর কৌশলের কৃতিত্ব অনেক। আজ দ্বিতীয়ার্ধে যা করলেন, কৌশল বদলে অধিনায়ক মামুনুলকে উঠিয়ে নিলেন মাঠের আরও ওপরের দিকে। তাতেই আক্রমণে গতি পেল চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ ছন্দ নিয়ে খেলতে থাকে, মোহামেডানকে এই সময় দেখাল অনেক নিষ্ক্রিয়।
চট্টগ্রামের দলটি সবচেয়ে ভালো দুটি সুযোগ এসেছিল ৬০ ও ৬৩ মিনিটে। প্রথমে উইঙ্গার জাহিদ হোসেনের শট গেল পোস্ট ঘেঁষে, একটু পর বক্সের একটু বাইরে থেকে মামুনুলের বুলেট গতির শট কাঁপিয়ে গেল গোলবার। অনেক চেষ্টা করেও গোল হয়নি, শেষ পর্যন্ত তাই ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।