কেএফসি জাতীয় মহিলা ফুটবল আজ শুরু
সারা দেশের ছয়টি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে কেএফসি জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ৩৮টি জেলা ও দুটি সার্ভিসেস দল বাংলাদেশ আনসার ও বিজেএমসি।
প্রাথমিক পর্বের খেলাগুলো হবে রাজশাহী, রংপুর, যশোর, মেহেরপুর, ফরিদপুর ও লক্ষ্মীপুরে। এই পর্বের সব ম্যাচই হবে নকআউট পদ্ধতিতে। ৮ নভেম্বর শেষ হবে প্রাথমিক পর্বের খেলা। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহ ও টুর্নামেন্টের সেরা রানার্সআপ দলকে নিয়ে এ মাসের শেষ সপ্তাহে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে চূড়ান্ত পর্ব। জাতীয় মহিলা ফুটবলের এটি পঞ্চম আসর। চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য ফিফার কাছ থেকে এরই মধ্যে ২০ হাজার ডলার অনুদান পেয়েছে বাফুফে। বরাবরের মতোই এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ফাস্ট ফুড প্রতিষ্ঠান কেএফসি।
চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৫০ হাজার টাকা, রানার্সআপ দল পাবে ২৫ হাজার টাকা। এ ছাড়া অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দলকে দেওয়া হবে ২০ হাজার করে টাকা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ৫ হাজার টাকা। চূড়ান্ত পর্বে ওঠা আট দলকে দেওয়া হবে জার্সি, বুটসহ অন্য ফুটবলসামগ্রী।
বাফুফে ভবনে এই প্রতিযোগিতা উপলক্ষে গতকাল আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ভবিষ্যতে মেয়েদের লিগ আয়োজনেরও প্রতিশ্রুতি দিলেন, ‘আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা মেয়েদের ফুটবলকে সেভাবে এগিয়ে নিতে পারছি না। তবে ভবিষ্যতে জাতীয় চ্যাম্পিয়নশিপই শুধু নয়, মেয়েদের ফুটবল লিগ করারও চেষ্টা করব আমরা।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কেএফসির কর্মকর্তা জাহিদুল আলমসহ অন্যরা।