চট্টগ্রামের ব্যস্ত বাণিজ্যিক সড়ক আর অলিগলিতে কালকের ‘বেবিট্যাক্সি মিছিল’ বেশ দৃষ্টি কাড়ল মানুষের। আঞ্চলিক ভাষায় ঠিক কী বাজছে পরিষ্কার বোঝা যায় না। একটা বাক্যই শুধু বোঝা গেল, ‘জমবে কেলা (মানে খেলা), মাতবে দেশ।’
সারা দেশ মাতবে কিনা বলা কঠিন। তবে চট্টগ্রাম শহরবাসী এমএ আজিজ স্টেডিয়ামে দেশের শীর্ষ ফুটবল লিগের খেলার কথা জানতে পারছেন ধীরে ধীরে। তিন দিনে ছয় ম্যাচের প্রথম রাউন্ড শেষে আজ শুরু দ্বিতীয় রাউন্ড। যা নিয়ে নতুন আশা আর উদ্দীপনাই দেখা যাচ্ছে আয়োজক মহলে।
প্রথম রাউন্ডে দর্শক খুব হয়নি, তবে একেবারে হতাশাজনকও ছিল না। দুই আবাহনীর খেলায় তো ভালোই উপস্থিতি ছিল। তার চেয়ে বড় কথা, ম্যাচগুলো যথেষ্ট আকর্ষণীয় হয়েছে। গোল, লাল কার্ড, পেনাল্টি সবই দেখছেন দর্শক। তবে সব ছাপিয়ে প্রথম রাউন্ডের আলোচনার শীর্ষে, ছয় ম্যাচের পাঁচটিই ড্র হওয়া। পাঁচটি ম্যাচই আবার ১-১! একমাত্র যে ম্যাচটি জয়-পরাজয় দেখেছে, সেটিতে ঘটেছে অঘটন। শেখ রাসেলের মতো ১০ কোটি টাকার দলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে পুঁচকে উত্তর বারিধারা, যাদের আসলে অবনমনের চিন্তাতেই ক্লিষ্ট থাকার কথা।
এমন অঘটন হয় বলেই ফুটবল নামের খেলাটি এমন আকর্ষণীয়। গত লিগের প্রথম ছয় ম্যাচের দুটি ছিল ড্র। তার আগের লিগে একটি। এরও আগের লিগে কোনো ড্র-ই হয়নি। কিন্তু এবার ছয় ম্যাচের পাঁচটিই কেন ড্র?
উত্তর অনেক। প্রতিটি দলই সংগঠিত হয়ে নেমেছে। দলগুলোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আর নেই। খেলোয়াড়েরাও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছেন, এমন নয় যে আগের মতো দু-একটি দলই সব খেলোয়াড় নিয়ে নিয়েছে। ছোট দলগুলো মাঠে নিজেদের উজাড়ও করে দিচ্ছে অনেক বেশি। তবে বারিধারা যেটি করেছে, তা বারবার হবে না বলেই ধারণা মোহামেডানের কোচ জোসিমউদ্দিন জোসির, ‘এরপর দশটা ম্যাচ খেললেও শেখ রাসেলকে বারিধারা আর হারাতে পারবে না।’
প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডে এমন ‘ড্রয়ের উৎসব’ দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। শেখ রাসেলের কোচ মারুফুল হকের এমনই বিশ্বাস। প্রথম ম্যাচ হেরে বেশ চাপের মুখে থাকা এই কোচের যুক্তিও আছে। যেমন প্রথম পর্বে শেখ রাসেল-বারিধারা বাদ দিলে বাকি ম্যাচগুলোয় শক্তির পার্থক্য বেশি ছিল না। শেখ জামাল যদিও আরামবাগের চেয়ে নামে এগিয়ে, কিন্তু শক্তির ব্যবধান আগের মতো নেই। তাই মারুফের বিশ্বাস, ‘দ্বিতীয় পর্বের যা সূচি, তাতে এই পর্বটা অত কঠিন হবে না বড় দলগুলোর জন্য।’
তবে শেখ জামাল শিবিরে কান পাতলে একটু অস্বস্তি ঠিকই টের পাওয়া যাচ্ছে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় নির্ভরযোগ্য এমেকা ডার্লিংটন নেই। তার ওপর আজ সন্ধ্যার এই ম্যাচটা চমক জাগানো উত্তর বারিধারার সঙ্গে। যারা স্বপ্নযাত্রা অব্যাহত রাখতে মাঠে সব ঢেলে দেবে। শেখ রাসেলের বিপক্ষে পেনাল্টিতে জয়সূচক গোলদাতা খালেকুজ্জামান সবুজের মুখে রীতিমতো জয়ের অঙ্গীকার, ‘আমরা কিন্তু শেখ জামালকে হারাতেই মাঠে নামব।’
বারিধারার পক্ষে আরও কিছু করা অবশ্যই সম্ভব মনে করছেন সবাই। মারুফুলের যেমন বারিধারার খেলা খুবই ভালো লেগেছে। কিন্তু কদিন আগে ফেডারেশন কাপে এই বারিধারাকেই তো শেখ জামাল ৬-২ গোলে হারিয়েছে। অবশ্য সেই ম্যাচটা হয়েছে অনেকটা দ্রুতগতির ইংলিশ প্রিমিয়ার লিগের মতো। ৬ গোল খাওয়ার মতো খেলেনি বারিধারা। কিন্তু আক্রমণাত্মক খেলতে গিয়ে ব্যবধানটা বেশিই হয়ে গেছে।
শেখ রাসেলকে হারানোর তাজা স্মৃতি অবশ্য আড়াল করে দিচ্ছে ওই পরাজয়কে। আজও কি চট্টলার মাটিতে আরেকটি বিস্ময় উপহার দেবে বারিধারা?