কেন এত বিদেশি কোচ?

নতুন খবর, প্রিমিয়ার ফুটবল লিগে নবাগত সাইফ স্পোর্টিং সহকারী কোচ হিসেবেও একজন বিদেশি নিয়ে এসেছে। রায়ান নর্থমোর নামের এই ব্রিটিশ পরশু ঢাকা এসেছেন। কদিন আগে সাইফ এনেছে ঘানাইয়ান বংশোদ্ভূত ব্রিটিশ কোচ কিম্বারলি টাইসন গ্র্যান্টকে।
কোচ বেছে নেওয়া ক্লাবের নিজস্ব সিদ্ধান্ত। কোচের জন্য কোনো সীমানাপ্রাচীরও নেই। ইংল্যান্ড বা ইতালি তো কোচের মৃগয়াক্ষেত্র। তবু ম্যানচেস্টার ইউনাইটেড পতুর্গিজ হোসে মরিনহোকে, চেলসি ইতালিয়ান কন্তেকে, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ফরাসি জিদানকে নিয়ে পথ চলে কেন!
ঢাকার শীর্ষ ক্লাবগুলোও একই সূত্র মানে। পেছনে তাকালে দেখা যায়, স্বাধীনতার আগে মোহামেডানে কাজ করেছেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের কোচ ক্যাপ্টেন আমিন। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যেই চুয়াত্তরে আবাহনী প্রথম বিদেশি কোচ আনে বিল হার্টকে, এই আইরিশ আধুনিক ফুটবল শিখিয়েছেন আকাশি-নীল দলকে। এমন মানের বিদেশি কোচ আনলে ক্ষতি নেই বলছেন বিশ্লেষকেরা। বরং লাভই। কিন্তু তেমন কোচ কি এখন আসে?
সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী সেই হিসেবে না গিয়ে কোচিং স্টাফে দুজন বিদেশি কোচ যোগ করার পক্ষে যুক্তি দিয়েছেন, ‘বিদেশি কোচের ব্যবস্থাপনা ও জানাশোনা ভালো। তাই ওদিকেই ঝুঁকেছি আমরা। পুরোনো ধ্যানধারণার সঙ্গে আমরা নেই।’
দলে খেলোয়াড় ৩২ জন, সবাইকে একজন কোচ দেখার সময় পান না, এই যুক্তিতেই সহকারীও বিদেশি, বলছেন ওই কর্মকর্তা। দলটি চ্যাম্পিয়নশিপ লিগে গত বছর নাম লিখিয়েই বিদেশি কোচ আনে। শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক সেই কোচ নিকোলা জাভাকোভিচ ছাঁটাইও হয়ে গেছেন।
আবাহনী ও শেখ জামাল বিদেশি কোচ নিয়েই পড়ে আছে। সাম্প্রতিক বছরগুলোতে আবাহনী এনেছে অস্ট্রিয়ার জর্জ কোটান, ইরানের আলী আকবর, পোরনেমাত... তালিকাটা বেশ লম্বাই। ক্রোয়েশিয়ার দ্রাগো মামিচ আছেন এখন। সাত বছর আগে শেখ জামালে খেলতে এসে দলটির কোচের চেয়ারে বসে যান যোসেফ আপুসি। কোচিং সনদ নিয়ে ঝামেলায় এএফসি তাঁকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটি উঠে যাওয়ায় যোসেফই এবার শেখ জামালের কোচ।
ঢাকার মাঠে পরিচিত মুখ সৈয়দ নইমুদ্দিনকে এবার ব্রাদার্স থেকে ছিনিয়ে নিয়েছে মোহামেডান। সাদা-কালো দলটি ভারতের দ্রোণাচার্য পুরস্কার পাওয়া এই কোচকে দলে নিয়েছে সিনিয়র খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করার ‘ওষুধ’ হিসেবে! ওদিকে ‘ঘরের মানুষকে’ হারিয়ে ফেডারেশন কাপটা হয়তো খন্দকার ওয়াসিম ইকবালকে নিয়ে পার করে নেবে ব্রাদার্স। তবে লিগে এক রুমানিয়ানকে দেখা যেতে পারে গোপীবাগের দলটিতে। নেপালের বালগোপাল মহারজন গত বছর কিছুদিন ছিলেন ব্রাদার্সে। শেখ জামালে গত বছর অল্প কদিন দেখা যায় সুইডেনের স্টিভেন হ্যানসনকে, ফেনী সকারে নাইজেরিয়ার লাডিবাবা লোলা।
বিদেশি ফুটবলারের মতো ফি বছর বিদেশি কোচের মেলাই বসে ঢাকার ক্লাবে। প্রায় অর্ধেক দলেই বিদেশি কোচ, বড় দলে গড় বেতন মাসে ৫ থেকে ৬ হজার ডলার। অথচ দুই বছর আগে দল না পেয়ে একটা বছর বসেই কাটান স্থানীয় কোচ শফিকুল ইসলাম মানিক।
এটা ব্যতিক্রমই। কেননা, মোটের ওপর দেশের শীর্ষ দুই-তিনজন কোচ ভালো পারিশ্রমিকসহ কাজ পাচ্ছেন। এবার নাকি সাইফুল বারী ৪০ লাখ, মারুফুল হক ৩৫, মানিক ৩০ লাখ টাকার মতো পাচ্ছেন যথাক্রমে চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ও শেখ রাসেল থেকে। তবে এও ঠিক, প্রথম বাংলাদেশি হিসেবে উয়েফা ‘এ’ সনদ থাকার পরও এবার বড় দলের ডাকই পাননি মারুফ।
স্থানীয় কোচদের ওপর তাহলে আস্থাহীন শীর্ষ দলগুলো? আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কথা, ‘দলটাকে সঠিকভাবে পরিচালিত করতেই আমরা বিদেশি কোচ আনি।’ স্থানীয়রা তাহলে সঠিকভাবে পরিচালনা করতে পারে না? রুপু প্রশ্নটা পাশ কাটান, ‘বিদেশি না থাকলে অমলেশ দা তো ভালোভাবেই আবাহনী দলটা টেনে নেন।’
এটি অবশ্য মানতে হবে, স্থানীয় কোচদের কারও কারও সম্পর্কে নানা ফিসফাস আছে। খেলোয়াড়দের ব্যাপারে তাঁদের নাকি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকে। অনেকে দল নিয়ন্ত্রণ করতে পারেন না। ব্রাদার্সের ম্যানেজার আমের খানের কথায়ও সেই ইঙ্গিত, ‘অভিজ্ঞতা বলছে, খেলোয়াড়েরা আমাদের কোনো কোনো কোচকে ম্যানেজ করে ফেলে। বিদেশিদের ক্ষেত্রে এটা কম। তাই বিদেশি আনি।’
কিন্তু বিদেশি কোচে বাংলাদেশের ক্লাব ফুটবল কতটা এগিয়ে যাচ্ছে? মারুফুল হক এই জায়গায় হতাশ,‘কোচ নিয়োগ একটি দলের স্বাধীন সিদ্ধান্ত। কিন্তু দুঃখের বিষয়, জর্জ কোটান ছাড়া অন্য বিদেশি কোচের কাছ থেকে আমাদের খেলোয়াড় বা কোচেরা কিছু শিখতে পেরেছে বলে মনে হয় না। এত দিনেও ডাগআউটে দাঁড়িয়ে আমি নতুন কিছু দেখিনি। দলের পারফরম্যান্সে বদল আনতে না পারলে বিদেশি এনে লাভ নেই।’ তবে স্থানীয় কোচদের অনেকের কম জানা, ব্যক্তিত্বের অভাব, ব্যবস্থাপনায় ঘাটতি—এসব মারুফও অল্পবিস্তর মানেন।
মানিক বলছেন, বাংলাদেশের ফুটবলের যা অবস্থা, তাতে ৫ ভাগ উন্নতি হয়তো করতে পারেন বিদেশি কোচ। তাঁর যুক্তি, বিদেশি কোচেই সাফল্য এলে জাতীয় দল ভুটানের কাছে হারত না। বাংলাদেশের বড় সমস্যা এখন মানসম্মত খেলোয়াড়ের অভাব। তাই ক্লাবে বিদেশি কোচ এনে তেমন লাভ নেই।
এই কথার সঙ্গে দ্বিমত করার সুযোগ আছে কি!