কেন এত মেসি, মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল হচ্ছে না? মেসিকে বল দাও। আক্রমণ দানা বাঁধছে না? মেসি কিছু একটা করবে। প্রতিপক্ষ অনেক কঠিন? মেসিই ভরসা।

কয়েক বছর ধরে আর্জেন্টিনার সবচেয়ে বড় সমালোচনা এটিই, এত এত তারকা থাকা সত্ত্বেও দলটা লিওনেল মেসির ওপর অতিনির্ভরশীল। টানা তিন বছরে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার ফাইনালে হেরে সেটির মূল্যও দিতে হয়েছে। এদগার্দো বাউজারও চোখে পড়েছে এ বিষয়টি। আর্জেন্টিনার নতুন কোচ তাই বলছেন, মেসি একাই সব সমস্যার সমাধান নন।

বাংলাদেশ সময় আগামীকাল ভোরে শুরু উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাউজার আর্জেন্টিনা-অধ্যায়। তাতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মেসি থাকবেন কি না, এ নিয়ে সংশয় আছে। যদিও বাউজার আশা, ঠিকই মাঠে নামবেন বার্সেলোনা ফরোয়ার্ড।

তবে শুধু এই ম্যাচ নয়, বাউজার দীর্ঘমেয়াদি পরিকল্পনাই মেসিকে ঘিরে। আর্জেন্টিনার পত্রিকা ওলেকে বাউজা বলেছেন, ‘মেসি প্রতিপক্ষকে অনেক ভোগায়। ওকে বিভিন্ন পজিশনে খেলালে দল আরও সুবিধা পাবে।’ তবে মেসির সতীর্থদের দায়িত্বটাও মনে করিয়ে দিলেন ৫৮ বছর বয়সী কোচ, ‘একটা বিষয় পরিষ্কার, ওর (মেসি) আশপাশে সব সময় প্রতিপক্ষের দু-তিনজন থাকবে। এটার সুবিধা আমাদের নিতে হবে, কারণ এতে দলের অন্যদের জন্য বাড়তি জায়গা তৈরি হবে। মেসিই সব সমস্যার সমাধান নয়।’ আইএএনএস।