কেন তলোয়ার নিয়ে ঘোরে কানাডা
কানাডা ফুটবল দল গত বুধবার কোস্টারিকার রাজধানী সান হোসের বিমানবন্দরে একটু ঝামেলার মধ্যেই পড়ে গিয়েছিল। সেখানে তারা গিয়েছিল বিশ্বকাপ বাছাইপর্বে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ খেলতে। কিন্তু তাদের লাগেজের মধ্যে ছিল একটা বাক্স। মেটাল ডিটেক্টর সেই বাক্সে ‘অবৈধ’ কিছু থাকার ইঙ্গিত দেয়। খুলে দেখা যায়, সেটির মধ্যে একটি ধারালো ‘অস্ত্র’—তলোয়ার! লাগেজে তলোয়ার কেন, এ প্রশ্নের উত্তরে দলের প্রায় সবাই মিলে কোস্টারিকার অভিবাসন কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেন, এটা তাঁদের দলের সৌভাগ্যের প্রতীক!
অভিবাসন কর্তারা সেটা মানবেন কেন! তলোয়ারটি জব্দ করেন তাঁরা। মন খারাপ করে সান হোসের টিম হোটেলে ওঠে কানাডা দল। পরের দিন ম্যাচ খেলতে নামে এবং কোস্টারিকার কাছে ১-০ গোলে হেরে যায়। ২০২২ কাতার বিশ্বকাপের কনকাক্যাফ অঞ্চলের এবারের বাছাইপর্বে এটাই এখন পর্যন্ত কানাডার একমাত্র হার। দল তো হারবেই, সৌভাগ্যের প্রতীক নিয়ে যে মাঠে যেতে পারেনি কানাডা!
ওই হারে অবশ্য খুব বেশি সমস্যা হয়নি কানাডার। গত রোববার জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই কাতারের টিকিট কাটে তারা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপের মূলমঞ্চে ঠাঁই পেয়েছে কানাডা। দেশটিতে বইছে খুশির বন্যা। এর মধ্যেই আবার সামনে চলে এসেছে একটি বিষয়, আসলেই ওই তলোয়ারের গল্পটা কী! সংবাদমাধ্যমসহ সবার কাছে কৌতূহলের কেন্দ্রে চলে আসা সেই তলোয়ারের রহস্য উন্মোচন করেছেন কানাডার কোচ জন হার্ডম্যান।
এবার বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিটি ম্যাচ খেলার সময়ই ওই তলোয়ার বাক্সের মধ্যে ভরে মাঠে নিয়ে গেছে কানাডা দল। নিজেদের মাঠে তো ছিলই, যুক্তরাষ্ট্র থেকে জ্যামাইকা—সব দেশেই ঘুরেছে কানাডা দলের ওই তলোয়ার। তলোয়ারটির বাঁটের ঠিক নিচে আবার লেখা আছে কাতার ২০২২। অন্য পাশে আরও একটা লেখা আছে তলোয়ারটিতে। সেই লেখা আর সব ভেন্যুতে তলোয়ার নিয়ে যাওয়ার রহস্য বললেন হার্ডম্যান, ‘তলোয়ারটি নতুন কানাডার প্রতীক। আমি ছেলেদের বলেছি যে সব সময়ই আমাদের একটা ঢাল থাকে। কিন্তু এবার আমরা একটি তলোয়ার বানিয়েছি এবং সেই তলোয়ারে লেখা “নিহিল তিমেনদুম এস্।” লাতিন এই বাক্যের বাংলা অর্থ, কোনো কিছুকেই ভয় কোরো না।’
কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষ তলোয়ারটি আটকে দেওয়ার পর মন খারাপ করেছিলেন দলের সবাই। কিন্তু জ্যামাইকা ম্যাচের আগে সেটি ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন হার্ডম্যান, ‘এটাই নতুন কানাডা। এমন আত্মবিশ্বাস নিয়েই খেলতে চাই আমরা। এটা সব মাঠেই যায়। প্রতিপক্ষের মাঠটাকে নিজেদের করে নেওয়ার জন্য আমরা এটাকে নিয়ে যাই। এটা নতুন কানাডার প্রতীক। এটা ফিরে পেয়েছি আমরা। জ্যামাইকার বিপক্ষে বিএমও ফিল্ডের ম্যাচেও এটা ছিল।’