কেন 'ব্যালন ডি'অর' রোনালদোর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে রোনালদোর উল্লাস! ছবি: এএফপি
টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে রোনালদোর উল্লাস! ছবি: এএফপি

যেহেতু বিশ্বকাপের বছর ছিল, অনেকের অনুমান ছিল—ব্যালন ডি’অর ২০১৪ জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের হাতে উঠতে পারে। দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অর্জনে লিওনেল মেসিকেও এগিয়ে রেখেছিলেন অনেকেই। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারও ফিফা বর্ষসেরা ক্রিস্টিয়ানো রোনালদো।
অনুষ্ঠানে এক দর্শককে সুযোগ দেওয়া হলো রোনালদোকে প্রশ্ন করতে। প্রশ্ন করলেন, ‘আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কী?’ রোনালদোর সরস জবাব, ‘সামনে যেটি আসে, সেটিই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য!’ এ ‘নীতি’তেই কিনা ম্যাচের পর ম্যাচ গোল করেছেন রিয়াল তারকা! ক্লাব ও দেশের হয়ে ২০১৪ সালে ৬০ ম্যাচে ৬১ গোল করেছেন রোনালদো। তবে কেবল এই পরিসংখ্যানই নয়, রয়েছে আরও গুরুত্বপূর্ণ পাঁচ কারণ, যেগুলো ২৯ বছর বয়সী পর্তুগিজ তারকাকে সহায়তা করেছে ব্যালন ডি’অর পুরস্কার জিততে।

চ্যাম্পিয়নস লিগ ও গোল রেকর্ড
রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ গত মৌসুমে জয় করে চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপা। চ্যাম্পিয়নস লিগে ঘোর প্রতিদ্বন্দ্বী মেসির এক মৌসুমে করা ১৫ গোলের রেকর্ডও ভেঙে দিয়েছেন রিয়াল ফরোয়ার্ড। রোনালদো ১১ ম্যাচে করেছেন ১৭ গোল।

হ্যাটট্রিকের রাজা
এরই মধ্যে চলতি মৌসুমে লা লিগায় চারটি হ্যাটট্রিক করে ফেলেছেন রোনালদো। সর্বশেষ, ডিসেম্বরে স্প্যানিশ লিগে সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করে ভেঙেছেন রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও তেলমো জারার যৌথ ২২ হ্যাটট্রিকের রেকর্ড। লিগে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা এখন ২৩টি।

পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা
পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা পাওলেতাকে (৪৭) ছাড়িয়েছেন। জাতীয় দলের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা ৫২। বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোল করে রেকর্ড বইয়ের আরও এক জায়গায় ঠাঁই করে নেন। তিনিই প্রথম পর্তুগিজ ফুটবলার, যিনি টানা তিন বিশ্বকাপের চূড়ান্তপর্বে গোল পেয়েছেন। গোল করলেও দলকে অবশ্য প্রথম পর্বের বৈতরণী পার করাতে পারেননি তিনি।

বার্নাব্যুতে অপ্রতিরোধ্য
২০১৪ সালে রিয়ালের ঘরের মাঠে অনুষ্ঠিত লিগ ম্যাচে রোনালদোকে ঠেকানো অসম্ভব ছিল প্রতিপক্ষের! বার্নাব্যুতে লিগের যতগুলো ম্যাচ হয়েছে, প্রতিটিতেই গোল পেয়েছেন। ১৪ ম্যাচে করেছেন ২৩ গোল।

এ মৌসুমেও দুর্দান্ত
মৌসুমের শুরুর দিকে কিছুটা চোটে ভুগেছিলেন। তাই রোনালদোর লিগ-মিশন শুরু হয়েছে কিছুটা দেরিতে। একটু ‘দেরি’ হওয়ায় কিনা গোলক্ষুধা বেড়েছে বহুগুণে! ১৬ ম্যাচে করেছেন ২৬ গোল। স্প্যানিশ ফুটবলের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, টানা ছয় লিগ মৌসুমে করেছেন ২৫-এর বেশি গোল। ২০১৪-১৫ মৌসুম মাঝপথে। এরই মধ্যে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার-‘পিচিচি’র জন্য নিজেকে এগিয়ে রেখেছেন অনেকটাই।
আরও পড়ুন
এবারও রোনালদোর জয়