কেবল হ্যারি কেন-ই হারাতে পারেন মেসিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি হ্যাটট্রিক কেনের। এ বছর গোলের মালা গেঁথে চলছেন টটেনহাম স্ট্রাইকার। ছবি: এএফপি
আরও একটি হ্যাটট্রিক কেনের। এ বছর গোলের মালা গেঁথে চলছেন টটেনহাম স্ট্রাইকার। ছবি: এএফপি

‘গোল মেশিন’—তকমাটা বহুল ব্যবহারে ক্লিশে হওয়ার পথে। কিন্তু ‘হ্যাটট্রিক মেশিন’—কথাটা এখনো তেমন পরিচিত হয়ে ওঠেনি। টটেনহাম হটস্পার্স স্ট্রাইকার হ্যারি কেনকে কিন্তু চাইলে ‘হ্যাটট্রিক মেশিন’ বলতে পারেন। ২০১৭ সালে তাঁর হ্যাটট্রিক একটি নয়, দুটি নয়, সাত-সাতটি! এই হ্যারি কেনের গোলের ‘হারিকেন’ যদি বছরের শেষ পর্যন্ত টিকে থাকে, তাহলে কিন্তু মেসির ঝামেলা আছে! না, সে রকম কিছু নয়; শুধু এ বছর গোলের হিসাবে নেমে যেতে পারেন কেনের পেছনে।


ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ বছর ৪৯ ম্যাচে কেন গোল করেছেন ৫৩ গোল। আর ৬৪টি ম্যাচে মেসি করেছেন ৫৪টি। ২০১৭ সালে আর কোনো ম্যাচ খেলবেন না মেসি। কিন্তু কেনের হাতে আছে এখনো এক ম্যাচ। আগামী মঙ্গলবার প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে সেই ম্যাচে ন্যূনতম দুই গোল করলেই কেন টপকে যাবেন মেসিকে।

মজার বিষয়, এ বছর কেনের সমান গোল করেছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো (৫৯ ম্যাচে ৫৩ গোল), বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কি (৫৫ ম্যাচে ৫৩ গোল) এবং পিএসজি তারকা এডিনসন কাভানি (৬২ ম্যাচে ৫৩ গোল)। কিন্তু তাঁদের কারও হাতেই আর কোনো ম্যাচ নেই শুধু কেন ছাড়া!

বার্নলির বিপক্ষে হ্যাটট্রিকটি দিয়ে ১৯৯৫ সালে অ্যালান শিয়েরারের গড়া প্রিমিয়ার লিগে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের (৩৬ গোল) রেকর্ডও ছুঁয়েছেন কেন। তবে টটেনহাম কোচ মাউরিচিও পচেত্তিনোর বিশ্বাস তাঁর শিষ্য ভবিষ্যতে সেরা হবে, ‘হ্যারিকে বিশেষায়িত করার কোনো শব্দ নেই। তার খেলা দেখে আমি বিস্মিত। ওর এবং দলের জন্য হ্যাটট্রিক অবশ্যই অসাধারণ ব্যাপার।’