কেমন খেলবে জিদানের রিয়াল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের কোচ হিসেবে অভিষেকের অপেক্ষায় জিদান। ছবি: এএফপি
রিয়ালের কোচ হিসেবে অভিষেকের অপেক্ষায় জিদান। ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদে ‘খুশি খুশি’ ভাবটা ফিরে এসেছে। খেলোয়াড়েরা খুশি, সমর্থকেরাও। আর যাঁর কারণে এই খুশির বাতাবরণ, সেই নতুন কোচ জিনেদিন জিদানও খুশি। রাফায়েল বেনিতেজের সংক্ষিপ্ত মেয়াদের শেষদিকে যে কালো মেঘ ঘিরে রেখেছিল, সেটি সরে সান্তিয়াগো বার্নাব্যুতে এখন যেন নতুন সূর্যের হাসি।

সঙ্গে যোগ হয়েছে উত্তেজনা, উৎকণ্ঠা। আজ বার্নাব্যুতে দেপোর্তিভোর সঙ্গে খেলতে নামবে রিয়াল। কোচিং ক্যারিয়ারে কোনো বড় দলের হয়ে জিদানের প্রথম ম্যাচ। কেমন খেলবে জিজুর রিয়াল? রিয়াল সমর্থক ছাড়াও আরও অনেকেই আজ রাত দেড়টায় টিভির সামনে বসে যাবেন শুধু এই একটি বিষয়ে গভীর আগ্রহ নিয়ে।
রিয়ালের দায়িত্ব নেওয়ার পর দুটি সংবাদ সম্মেলনে জিদানের কথা শুনে ও রিয়ালের তিনটি অনুশীলন সেশন দেখে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা চেষ্টা করেছে এই বিষয়ে ধারণা দেওয়ার -

১. আক্রমণ এবং আক্রমণ: খেলোয়াড়ি জীবনে সৃষ্টিশীলতায় সবাইকে যিনি বিস্ময়াবিষ্ট করে রাখতেন, তাঁর কোচিং দর্শন তো হবে আক্রমণাত্মক, উদ্ভাবনীমূলক! সংবাদ সম্মেলনে জিদান বেশ পরিষ্কার ঘোষণা দিয়ে রেখেছেন, আক্রমণই হবে দলের অস্ত্র, তবে অবশ্যই রক্ষণের সঙ্গে ভারসাম্য রেখে।

২. বল দখল: জিদান রিয়ালের কোচ হওয়ার পর ইন্টারনেটে একটা মজার ছবি ছড়িয়ে পড়েছিল—জিদানের পায়ে বল, অন্যরা তাঁর কাছ থেকে সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। বর্ণনা দেওয়া হয়েছিল এভাবে—রিয়ালে জিদানের প্রথম অনুশীলন সেশনই হবে এটা, খেলোয়াড়দের কাজ হবে ফ্রেঞ্চ কিংবদন্তির পা থেকে বল কেড়ে নেওয়া। নিছকই মজা করে বানানো, তবে ছবিটিকে এই রিয়ালের প্রতীকী ভাবতে পারেন। নতুন রিয়ালের দর্শনও হবে যতটা সম্ভব বল নিজের পায়ে রাখা। কোচ হিসেবে জিদান পুরোনো মতেই বিশ্বাসী, যতক্ষণ আপনার পায়ে বল থাকবে, প্রতিপক্ষ কোনো ক্ষতি করতে পারবে না।

৩. অস্পৃশ্য বিবিসি: যখন ফিট থাকবেন, ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর করিম বেনজেমার জায়গা নিয়ে কোনো দ্বিতীয় ভাবনা থাকবে না। দলে এঁদের জায়গা অস্পৃশ্য।

৪. রক্ষণে আলসেমি নয়: মাঠে একটা দল হয়েই রক্ষণে নামতে হবে। বেল, রোনালদো, বেনজেমাও এই দায়িত্ব থেকে মুক্তি পাচ্ছেন না। বরং তাঁদেরই কাজ হবে প্রতিপক্ষের ডি-বক্সের আশপাশ থেকে প্রথম রক্ষণের কাজটা শুরু করা, প্রতিপক্ষ ডিফেন্ডার-ডিফেন্সিভ মিডফিল্ডারদের পায়ে বল গেলেই ক্রমাগত প্রেসিং করতে থাকা।

৫. ‘নাটের গুরু’ রোনালদো: প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়ার ক্ষেত্রে রিয়ালের যে ‘ভিলেন’রা থাকবেন, তাঁদের নেতা হবেন রোনালদো। তাঁকে ঘিরেই আক্রমণগুলো সাজানো হবে। বেনিতেজের সময়ের মতো কখনো স্ট্রাইকার, কখনো অ্যাটাকিং মিডফিল্ডার, কখনো ‘নিজেও জানেন না কোথায়’ নয়, রোনালদোর ফিরে যাবেন তাঁর প্রিয় জায়গা লেফট উইংয়ে। ডানে বেল, স্ট্রাইকার বেনজেমা।

৬. হামেস-ইসকোর শুভদিন: হামেস চলে গিয়েছিলেন বেনিতেজের ‘কালো তালিকায়’। আর মাঠে নামার সুযোগ না পেয়ে বিরক্ত ইসকো তো অনেকদিন ধরেই ‘যাব, যাচ্ছি’ করছিলেন। তবে দুজনেরই দিন সম্ভবত বদলে যাচ্ছে। রিয়ালের মূল একাদশে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দুজনেরই।

৭. ভারসাম্য ও তীব্রতা: কার্লো আনচেলত্তির দলের মতো ভারসাম্যপূর্ণ, আর ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্ষিপ্র— এই দুইয়ের সমন্বয়েই নিজের দলকে গড়তে চান জিদান।

৮. পরিশ্রম ও সম্মিলিত ভাবনা: ‘প্রতিদিন কঠোর পরিশ্রম, আর খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্মান ও ভাবনা বিনিময়ের মন্ত্রেই বিশ্বাস করি’— দায়িত্ব নেওয়ার পর দল পরিচালনার কৌশল সম্পর্কে বলেছিলেন জিদান। সপ্তাহান্তের ম্যাচের আগে পুরো সপ্তাহের কঠোর পরিশ্রম তো আবশ্যকই, সঙ্গে ভাবনার জায়গাটাতেও খেলোয়াড়দের আরও অংশগ্রহণ চান জিদান।

৯. জয়ের মানসিকতা: তাঁর আগমনে যতই খুশি হন না কেন, দল না জিতলে এই সমর্থকেরাই যে দুয়ো দেবেন সেটি ভালোই জানেন জিদান। রিয়ালের মতো দলে জয় ছাড়া অন্য কিছু কখনোই মেনে নেওয়ার মতো নয়। তার চেয়েও বড় কথা, তিনি নিজে একজন চ্যাম্পিয়ন। তাই কোনোমতে জয় কিংবা ড্র নয়, প্রতিটি ম্যাচেই জিদানের রিয়াল দাপুটে জয়ের জন্যই ঝাঁপাবে—এটি মোটামুটি ধরে নিতে পারেন।

১০. দশের লাঠি একের বোঝা: দলে বড় তারকার অভাব নেই। কিন্তু সন্ধ্যাতারার মতো আলাদা হয়ে নয়, জিদান দলকে একটা তারকাপুঞ্জের মতো দেখতে চান। ক্রিস্টিয়ানো কিংবা বেল বলে আলাদা কিছু নয়, নাম থাকবে একটিই—রিয়াল মাদ্রিদ।