কেমন হবে ভালভার্দের বার্সেলোনা?
তিনি বই পড়তে ভালোবাসেন। ছবি তোলার শখও আছে। বন্ধুর উষ্ণতায় মিশতে পারেন সবার সঙ্গে। সংবাদ সম্মেলনে হাসিমুখেই কথা বলেন, তবে পরিমিতি ধরে রেখে। খেলোয়াড়দের আগলে রাখতে চান যেকোনো মূল্যে, এমনকি সেটির প্রয়োজনে মিথ্যা বলতেও আপত্তি নেই তাঁর।
ইনি আর্নেস্তো ভালভার্দে, বার্সেলোনার নতুন কোচ। গত পরশু ৫৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বার্সা, যা আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে।
লুইস এনরিকে আর থাকছেন না, ঘোষণার পর থেকেই বার্সেলোনার পছন্দের কোচের তালিকায় হোর্হে সাম্পাওলির পাশাপাশি ছিল অ্যাথলেটিক বিলবাওয়ে থাকা ভালভার্দের নাম। সাম্পাওলি হয়েছেন আর্জেন্টিনার কোচ, আর বার্সা বেছে নিল শান্ত-স্থির স্বভাবের ভালভার্দেকে।
১৯৮৯ ও ১৯৯০ সালে ইয়োহান ক্রুইফের বার্সায় স্ট্রাইকার ছিলেন। ভালভার্দে তাই বার্সার খেলার ধরন, ক্লাবের খুঁটিনাটি জানেন। পরশু সংবাদ সম্মেলনে বার্সার সভাপতি হোসে মারিয়া বার্তোমেউও বললেন, ‘ভালভার্দের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা আছে। (একাডেমি থেকে ওঠা) তরুণ খেলোয়াড়দের সুযোগ দেন, বার্সার পদ্ধতিটা তাঁর ভালোই জানা।’
দুই দফায় ছয় বছর অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ ছিলেন। কোচ ছিলেন ভ্যালেন্সিয়া, ভিয়ারিয়াল, এসপানিওলেরও। তবে বার্সার মতো তারকাসমৃদ্ধ দল সামলানোর অভিজ্ঞতা তেমন নেই। তাঁর জন্য চ্যালেঞ্জ আরও আছে। ইনিয়েস্তার চুক্তি নবায়ন, মেসি ও এমএসএনের ওপর নির্ভরতা কমানো, রক্ষণ শক্তিশালী করা, আর বার্সেলোনার মাঝমাঠে প্রাণ ফেরানো...।
তা ভালভার্দের অধীনে বার্সেলোনার খেলার ধরনটা কেমন হবে? ভালভার্দের দল সব সময় আক্রমণাত্মক পাসিং ফুটবলই খেলে। কেমন হবে ভালভার্দের বার্সা, সে ধারণা দিলেন বিলবাওয়ে তাঁর সাবেক সতীর্থ ও পরে শিষ্য আইতর লারাজাবাল, ‘খেলোয়াড়দের শক্তি বিবেচনা করে দলে সামঞ্জস্য আনেন তিনি। যেহেতু এমএসএন (মেসি-নেইমার-সুয়ারেজ) আছে, মনে হয় না ৪-৩-৩ ছক থেকে তিনি সরবেন।’ মার্কা, রয়টার্স।