কোচ ছাঁটাই চট্টগ্রাম আবাহনীর
একটা সুযোগের অপেক্ষায় ছিলেন চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা। পরশু আরামবাগের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর আর দেরি নয়। সেদিন গভীর রাতেই সার্বিয়ান কোচ জোসেফ পাভলিককে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো।
একটা ড্রয়েই কোচ চাকরি হারিয়েছেন ভাবলে অবশ্য ভুলই হবে। এটা ঠিক, চট্টগ্রাম আবাহনীর মাঠের পারফরম্যান্স গত দুটি ম্যাচে ভালো হয়নি। ময়মনসিংহে উত্তর বারিধারাকে ৬-১ গোলে গুঁড়িয়ে উড়তে থাকা দল ঢাকায় এসেই মাটিতে ধপাস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগের ম্যাচে হেরেই গিয়েছিল রহমতগঞ্জের কাছে। লিগে যেটি ছিল তাদের প্রথম হার। সাত ম্যাচ শেষে শীর্ষে থাকা শেখ জামালের পয়েন্ট ১৫, চট্টগ্রাম আবাহনী ৩ পয়েন্ট পিছিয়ে।
খুব খারাপ নয়। তবে এই পারফরম্যান্স খুশি করতে পারছে না দলটির কর্মকর্তাদের। ম্যানেজার শাকিল মাহমুদ যেমন বলছেন, ‘আমাদের আরও ভালো করা উচিত। সে জন্যই কোচ পরিবর্তন।’ আসল কারণ অবশ্য অন্য। যেটি দৃশ্যমান নয় কারও কাছেই। পাভলিকের অনুশীলন পছন্দ নয় কর্মকর্তাদের। খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বের করতে পারেন না বলছেন তাঁরা। খেলোয়াড়দের পজিশন বদলান, পরীক্ষা-নিরীক্ষা করেন, কিন্তু মাঠে নামার এক ঘণ্টা আগেও নাকি খেলোয়াড়দের জানান না তাঁর পরিকল্পনার কথা।
কোচের মান নিয়েও তাঁদের অনেক প্রশ্ন। তবে মান খারাপ হলে এই কোচকে ছয় মাস রাখল কীভাবে, সেই প্রশ্ন উঠছে। খেলোয়াড়দের ফিটনেসের দুরবস্থার দায়ও দেওয়া হয়েছে কোচকে। ৪০-৫০ লাখ টাকার ফুটবলারদের পায়ে কোনো নৈপুণ্য ছিল না গত দুটি ম্যাচে।
অথচ পাভলিকের অধীনেই প্রথম টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় চট্টগ্রাম আবাহনী। জেতে মৌসুম সূচক স্বাধীনতা কাপ। ফেডারেশন কাপে অবশ্য গ্রুপ থেকেই বিদায়। পাভলিকের অধীনে ১৬ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর জয় ৭টি, ৫টি ড্র ও ৩টি হার। বাকি ম্যাচটি ছিল স্বাধীনতা কাপের সেমিফাইনাল, যেটিতে ড্র শেষে টাইব্রেকারে জেতে পাভলিকের দল।
মজার ব্যাপার, কোচ ছাঁটাই করে এখন আবার সেই কোচকেই আপাতত কয়েক দিনের জন্য রেখে দেওয়ার চিন্তা চট্টগ্রাম আবাহনীর কর্তাদের! একটি সূত্রে জানা গেছে, তাঁরা চাইছেন নতুন বিদেশি কোচ না আসা পর্যন্ত পাভলিক থেকে যান। সেটি হওয়ার সম্ভাবনাও নাকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না!