কোচ হচ্ছেন সেই শরণার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরীয় সেই শরণার্থীর কথা মনে আছে? পুলিশের তাড়ার মুখে যিনি এক হাঙ্গেরীয় সাংবাদিকের বাড়িয়ে দেওয়া পায়ে হোঁচট খেয়ে সন্তানসহ লুটিয়ে পড়েছিলেন মাটিতে। এরপর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলে চাকরি যায় ওই সাংবাদিকের।
সেই শরণার্থী ওসামা আবদুল মোহসেনকে কোচ করে নিতে চেয়েছে স্পেনের একটি ফুটবল কোচিং স্কুল। শুধু তা-ই নয়, স্ত্রী ও চার সন্তানসহ তাঁকে স্পেনে আবাসনসুবিধা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ওসামা আবদুল মোহসেন ছিলেন সিরিয়ান প্রিমিয়ার লিগের দল আল-ফতুয়ার কোচ। সে কথা জানতে পেরেই স্পেনের গেটাফের ফুটবল কোচিং স্কুল সিইএনএএফই তাঁকে প্রস্তাব দেয় চাকরির। জার্মানি থেকে মোহসেন দুই সন্তানকে নিয়ে গত পরশু পৌঁছেও গেছেন মাদ্রিদে। পরে তাঁর স্ত্রী ও অন্য দুই সন্তানকেও নিয়ে আসা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এএফপি।